২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার বৈকারী: ‘ধুর সিন্ডিকেটের’ দৌরাত্ম্যে মানবপাচারের ‘রুট’

ভারত সীমান্তবর্তী সাতক্ষীরার বৈকারীর বাসিন্দাদের কাছে ‘এপার-ওপার’ করা একটি ব্যবসামাত্র। মালামালের সঙ্গে মানুষও পাচার হয় সেখানে। বিনা পাসপোর্ট, বিনা ভিসায় যারা যান, তাদের ‘ধুর’ বলে স্থানীয়রা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

গোলাম মুর্তজা অন্তু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2022, 12:28 AM

Updated : 25 Oct 2022, 10:45 AM

‘টাকা দিলেই সব হয়’- এমন কথাই সেখানে প্রচলিত। যারা এই পাচারের নিয়ন্ত্রণ যাদের হাতে, স্থানীয়দের ভাষায় তারা হলেন ‘ঘাট মালিক’। এই ‘ধুর সিন্ডিকেটের’ সঙ্গে মিলেছে মানবপাচারকারীরা। আর এই গোষ্ঠীর পেছনে জনপ্রতিনিধিদের মদদ থাকার অভিযোগও আসছে।

স্থানীয়রা বলছেন, দীর্ঘ দিন ধরেই এভাবে ‘ধুর’ পারাপার করে আসছেন ‘ঘাট মালিকেরা’। এখন তা একটি সুসংগঠিত রূপ পেয়েছে।

গত বছরের মে মাসে ভারতে তরুণীকে বিবস্ত্র করে নির্যাতনের ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে আলোচনায় আসে নারী পাচারের বিষয়টি। কয়েকটি ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় মানবপাচারের অভিযোগে ছয়টি মামলাও হয়। মামলাগুলোর তদন্ত এখনও চলছে।

এসব মামলায় পুলিশ ২৬ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ১২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তদন্তের বরাতে পুলিশও জানিয়েছে, সাতক্ষীরায় ভারতীয় সীমান্তবর্তী গ্রামগুলোতে নারী পাচারের ‘সুবিধাজনক’ ব্যবস্থা গড়ে উঠেছে। রাজধানী ঢাকা বা অন্য জেলা থেকে নিয়ে আসা তরুণীদের ওই সব গ্রামে গড়ে ওঠা ‘শেল্টার হোম’ এ রাখা হয় এবং সেখান থেকে তাদের সুবিধামতো ভারতে পাচার করা হয়।

পাচারের শিকার হয়ে দেশে ফিরে মামলা করা দুই তরুণী এজাহারে বলেছেন, বৈকারী সীমান্ত দিয়ে তাদের পাচার করা হয়েছিল। তাদের সঙ্গে আরও কয়েকজন নারীকে একসঙ্গে দল বেঁধে ভারত সীমান্তের ওপারে নেওয়া হয়।

মানবপাচারের মামলায় কয়েকজনকে গ্রেপ্তারের পর গত বছর ঢাকার তেজগাঁও বিভাগের পুলিশ জানিয়েছিল, আনুমানিক এক হাজার তরুণী পাচারের শিকার হয়ে থাকতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক তরুণী পাচার হয়েছেন বৈকারী দিয়ে।

পুলিশের তদন্তে সীমান্তে নারী পাচারের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের জড়িত থাকার বিষয়টি উঠে এলেও তাদের কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।

পুলিশ কর্মকর্তারা বলছেন, জনপ্রতিনিধিদের ‘কিছু না করার’ জন্য তদ্বির করছেন ওই এলাকার একাধিক সংসদ সদস্য।

সরেজমিনে বৈকারীতে

সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের পশ্চিম দিকটায় রয়েছে শুকিয়ে যাওয়া সোনাই নদী।

সম্প্রতি এক দুপুরে সোনাই নদীর পাড়ে তেমন লোকজনের দেখা মিলল না। নদীর পার ঘেঁষে একটি পায়ে চলা মেঠোপথ সীমান্তের ওপার পর্যন্ত চলে গেছে। একটু দূর থেকে দু-একজন খুব সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছিলেন বারবার। তবে কাছে এসে কথা বললেন না কেউ।

স্থানীয় একজনের সঙ্গে যেচে কথা বলতে গিয়ে জানা গেল, তার নাম মিজানুর রহমান। কী করেন জানতে চাইলে মিজানুরের জবাব, “বর্ডার এলাকার লোক হয় সাহস করে ‘এপার-ওপারে’র কাজ করে, আর নাহলে ওই কাজে সাহায্য করে।”

আরও অনেক কিছু জানার ছিল, ‘ব্যস্ত’ মিজানুর চলে গেলেন।

এদিক-ওদিক ঘুরে কথা হল আরও কয়েকজনের সঙ্গে। কেউই নাম বলতে চান না।

এরপর কয়েকদিনে ওই এলাকায় সাতজনের সঙ্গে সরাসরি ও মোবাইল ফোনে কথা হয়। তারা বলছেন, স্বাধীনতার পর থেকেই তারা পাসপোর্ট ছাড়া ‘এপার-ওপার’ করতে দেখে আসছেন। এখন এটাকে ‘ব্যবসা’ হিসেবে নিয়েছেন কেউ কেউ।

এই ‘ধুর সিন্ডিকেট’ নারীদের ওপারে পাচার করছে। ওপারে (ভারতে) গিয়ে সেদেশের দালালদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থাও করে দিচ্ছে।

‘ধুর সিন্ডিকেট’ যেভাবে চলে

মানবপাচার মামলায় গ্রেপ্তার আসামিদের আদালতের জবানবন্দিতে নাম আসে বৈকারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইশারুল ইসলামের।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় বলেন, “এই যে ব্যবসাটা, এটা তো আর গোপনে হয় না। সবার কমবেশি সম্মতিক্রমেই হয়। আর এই ব্যবসাটা বর্ডারে যারা করে এরা মানবপাচার হিসেবে করে না, এরা ‘ধুর’ হিসেবে পার করে।

“আর ঢাকা বা অন্যান্য জায়গা থেকে যে দালালেরা এই ধুর নিয়ে আসে, মানবপাচার বা অন্য কারসাজিগুলো এরাই করে। গ্রামের লোকেরা তো কেবল সীমান্ত পার করে দেয়। এই ব্যবসাটা বহুদিন ধরে এই এলাকার মানুষজন করে আসছে। শুধু এই এলাকার না, বর্ডারের মানুষজন এই ব্যবসা করছে বহুদিন থেকে।”

এইসব এলাকার বহু মানুষ এই ব্যবসার সঙ্গে জড়িত দাবি করে ইশারুল বলেন, “আম-পাবলিক ব্যবসা করলেও তাদের সঙ্গে যুক্ত থাকে প্রভাবশালী আরও অনেকেই। তাদের নাম আমি বলব না, বললে আমারও সমস্যা হতে পারে।”

ইউনিয়নের কাথন্ডি গ্রামের কাথন্ডি বাজারের এক ব্যবসায়ী জানান, দেশের বিভিন্নপ্রান্ত থেকে মানুষ অবৈধভাবে ভারত যেতে সীমান্তের গ্রামগুলোতে যান। ‘ধুর সিন্ডিকেটের’ লোকজন প্রতিজনকে পাচারে ‘পিস হিসেবে’ টাকা নেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যবসায়ী বলেন, “পার্টি ও প্রয়োজন বুঝে দর ওঠানামা করে। ন্যূনতম ২ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। কেউ চিকিৎসার জন্য জরুরি প্রয়োজনে যান, কেউ কাজের খোঁজে, কেউ ওপারের স্বজনদের সঙ্গে দেখা করার জন্য।”

মানবপাচারকারীরা কী উদ্দেশ্যে তরুণীদের নিয়ে ওপারে যাচ্ছে, তাও বুঝতে পারে ‘ধুর সিন্ডিকেটের’ লোকজন। তবে কেউ মুখ খোলেন না।

গ্রামের মানুষও অহরহ নতুন মুখের আনাগোনা দেখে অভ্যস্ত। এই গ্রামে যেসব মোটরসাইকেল চলে, সেগুলোর কোনোটারই লাইসেন্স প্লেট নেই। মোটর সাইকেলগুলো সীমান্তের মেঠোপথগুলোতে ‘ধুর’ নিয়ে ছুটে চলে। ‘ধুর’ টানার জন্য মোটর সাইকেলসহ চালক ভাড়া পাওয়া যায়। ঢাকার পুলিশের হাতে গ্রেপ্তার আমীরুল ইসলামও এমন একজন মোটর সাইকেল চালক।

মানবপাচারকারীরা দীর্ঘদিন ধরেই এই পথ ব্যবহার করে আসছে বলে কাথন্ডা গ্রামের বাসিন্দাদের কথায় স্পষ্ট।

ঢাকায় একটি পোশাক কারখানার কর্মী ওই গ্রামের এক যুবক বলেন, “আমরা সবসময়ই দেখতাম মেয়েরা আসছে, লোকজন আসছে। আস্ত পরিবার নিয়ে ঘটি-বাটিসহ লোকজন ওপারে যাওয়ার জন্য গ্রামে থাকছে।

“আবার ওপার থেকেও আসছে। ধুর দেখলেই গ্রামবাসী বুঝতে পারে। এদের কাউকে আনা হয় ভুলিয়ে-ভালিয়ে, আবার অনেকেই জেনেশুনে এ পথে পা বাড়ায়। নাম-পরিচয় নিয়ে এ গ্রামে আসা অতিথিরা পদে পদে এত মিথ্যা বলে যে গ্রামের মানুষ সাধারণ কথাবার্তাও বিশ্বাস করতে চায় না। প্রবল সন্দেহপ্রবণ হয়ে উঠেছে তারা।”

মানবপাচারকারীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা তরুণীদের নিয়ে সীমান্তগ্রামের ‘ধুর সিন্ডিকেটের’ হাতে তুলে দেয়। ‘ধুর সিন্ডিকেটের’ সদস্যদের বাসা-বাড়িতে তাদের রাখা হয়। সেই বাড়িতেই তাদের ‘পাখি পড়া’ পড়ানো হয়। অর্থাৎ ভারতে ঢুকে কী করতে হবে, আর কী করতে হবে না, সেটা শিখিয়ে দেওয়া হয়। নারীদের শাখা-সিঁদুর পরতেও বলা হয়।

পাচারের শিকার কয়েকজনের কথায় জানা যায়, বাংলাদেশি ব্রান্ডের পোশাক, জুতাও খুলে রেখে যেতে বলা হয়। পুরুষদের বাংলাদেশি সিগারেট, লাইটার, জুতা এসবই ওপারে নেওয়া বারণ। ওপারে ঢোকার পর ভাষা রপ্ত না হওয়া পর্যন্ত ‘পাবলিক প্লেসে’ কম কথা বলতে বলা হয়। কথায় ‘বাংলাদেশি টানের’ কারণে ধরা খেয়ে কারাবাস করতে হয়েছে অনেককে।

তরুণী যেভাবে পাচার হয়েছিলেন

Image
বেঙ্গালুরুতে ভাইরাল হওয়া ভিডিও থেকে নির্যাতনকারীদের চিহ্নিত করে তাদের ছবি প্রকাশ করেছিল ভারতের পুলিশ।

বেঙ্গালুরুতে ভাইরাল হওয়া ভিডিও থেকে নির্যাতনকারীদের চিহ্নিত করে তাদের ছবি প্রকাশ করেছিল ভারতের পুলিশ।

পাচারের শিকার এক নারী গত বছর ভারত থেকে দেশে ফেরার পর হাতিরঝিল থানায় ‘টিকটক হৃদয় বাবু’সহ ১২ জনের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে একটি মামলা করেন। ওই মামলার এজাহারে ওই নারীকে কোন পথ দিয়ে ভারতে নেওয়া হয় সে বর্ণনার পাশাপাশি তার সঙ্গে ঘটে যাওয়া বীভৎস নির্যাতনের চিত্রও রয়েছে।

মেয়েটি জানায়, হাতিরঝিলে টিকটক হৃদয়ের সঙ্গে তার পরিচয় হয়। এরপর হৃদয়ের আয়োজিত ‘হ্যাংআউট পার্টি’তেও যোগ দেন ওই তরুণী। গত বছরের ১৯ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় ‘হ্যাংআউট পার্টি’তে অংশ নেওয়ার কথা বলে ওই তরুণীকে ভুলিয়ে-ভালিয়ে সাতক্ষীরায় নিয়ে যান হৃদয়।

মামলায় ওই তরুণী অভিযোগ করেছেন, সাতক্ষীরায় এক মোটরসাইকেল চালক এসে তাদের দুজনকে একটি টিনশেড বাসায় নিয়ে যান। ওই বাড়িতে আরও তিন তরুণ ও এক তরুণী আসেন। ওই তরুণী এবং বাদীকে একটি কক্ষে থাকতে দেওয়া হয়।

ওপারের মনোরম প্রকৃতি, টিকটক ভিডিও ধারণসহ নানা কথা বলে মেয়েটিকে সীমান্তের ওপারে নিয়ে যেতে রাজি করিয়েছিলেন টিকটক এবং সেখানে থাকা আবদুল কাদের নামের একজন।

কাদেরের ছেলে মেহেদি হাসান বাবুসহ (বর্তমানে গ্রেপ্তার) কয়েকজনের সঙ্গে হৃদয় ও মেয়েটি প্রায় পৌনে এক ঘণ্টা হেঁটে সীমান্তের একটা জায়গায় গিয়ে অপেক্ষা করতে থাকেন।

এজাহারে সীমান্ত পার হওয়া থেকে শুরু করে দীর্ঘপথ হেঁটে ও মোটর সাইকেলে করে রাতে কয়েকটি বাড়িতে নিয়ে যাওয়ার বর্ণনা করা হয়। এতে আরও বলা হয়, বকুল ওরফে ছোট খোকন বলে একজনের সঙ্গে মোটর সাইকেলে ওঠেন হৃদয় ও মেয়েটি। এরপর ওই রাতে তাদের একাধিক বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাতেই মেয়েটিকে দুই দফায় ধর্ষণ করে হৃদয় ও বকুল।

এ সময় তাকে ভয় দেখানো হয়, সে বিনা পাসপোর্টে ভারতে এসেছে, তাদের কথা মতো না চললে তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হবে। পুলিশ ধরলেই মেয়েটির ২০ বছর জেল হবে। এরপর সেখান থেকে বিমানে করে মেয়েটিকে ব্যাঙ্গালুরুতে নেওয়া হয়।

ভুলিয়ে সীমান্ত পার, এরপর ‘টিকটক হৃদয়’ চক্রের নির্যাতন  

এত নারী পাচার কীভাবে হল?  

মানবপাচার মামলায় জবানবন্দি

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নের কাথন্ডা গ্রামের যুবক আমিরুল ইসলাম ‘পাচারের জন্য নারীদের’ মোটর সাইকেলে আনা-নেওয়া করতেন অভিযোগে হাতিরঝিল থানার মামলায় গ্রেপ্তার হয়েছেন। আমিরুলের মোটর সাইকেলও জব্দ করেছে পুলিশ। ঢাকার একটি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আমিরুল।

পুলিশের ভাষ্য অনুযায়ী জবানবন্দিতে আমিরুল বলেছেন, তিনি মূলত ভাড়ায় মোটর সাইকেল চালক। বৈকারী ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান অছিলের ‘পালিত ছেলে’ আব্দুস সালাম মেয়েদের ভারতীয় সীমান্ত দিয়ে পাচার করেন।

আমিরুল দাবি করেছেন, সালামের নির্দেশনায় টাকার বিনিময়ে পাচারের জন্য মেয়েদের মোটর সাইকেলে বসিয়ে ভারতীয় সীমান্তে মেহেদী হাসান বাবুর কাছে দিয়ে আসতেন তিনি। প্রতিজন মেয়েকে পরিবহনের জন্য তিনি পেতেন ২০০ টাকা।

মেহেদি হাসান বাবু ও আলম নামের একজন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা মেয়েদের সীমান্ত এলাকায় তাদের বাড়িতে রাখতেন। ‘সময় বুঝে’ তারা মোটর সাইকেলে করে মেয়েদের সীমান্তে আনিসুর রহমানের হাতে তুলে দিয়ে ওপারে পাঠিয়ে দিতেন বলেও জানান তিনি।

আমিরুল পুলিশকে আরও বলেন, ওই সীমান্তে ‘লাইনম্যান’ হিসাবে কাজ করতেন আকবর আলী। আকবরের নিয়ন্ত্রণে তিনটি ঘাট রয়েছে। এসব ঘাট দিয়ে কেউ ওপারে গেলে আকবরকে টাকা দিতে হয়।

হাতিরঝিল থানার মানবপাচারের মামলায় গ্রেপ্তার হন বৈকারী ইউনিয়নের মেহেদি হাসান বাবু ও তার বাবা আব্দুল কাদের। বাবুও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দিতে বাবু বলেছেন, তিনি নারী পাচারের যে চক্রটিতে যুক্ত ছিলেন, তার পৃষ্ঠপোষক চেয়ারম্যান আসাদুজ্জামান। তার ছেলে ইনজামামুল হক ইনজা, পালিত ছেলে আব্দুস সালাম, ইউপি সদস্য ইশারুল, হারুন পুরো কার্যক্রমের তদারকি করতেন ও টাকা ভাগ করে দিতেন।

আনিসুর নামের একজনের মাধ্যমে ওই চক্রে যুক্ত হওয়ার কথা বলছেন বাবু। তাদের সবার বাড়িতেই পাচারের জন্য আনা মেয়েদের রাখা হত। আলোচিত ‘টিকটক হৃদয় বাবু’কে তারা চিনতেন চেয়ারম্যানের ‘মেহমান’ হিসাবে।

একটি মেয়েকে পাচারের ঘটনার বর্ণনায় বাবু বলেন, ওই রাতে পুলিশ আসে। তাদের আসার খবর পেয়ে তিনি মেম্বার ইশারুল ও চেয়ারম্যানের ছেলে ইনজার সঙ্গে যোগাযোগ করেন। তারা বাবুকে শিখিয়ে দেন যে পুলিশ ধরলে ‘চেয়ারম্যানের মেহমান’ হিসেবে পরিচয় করিয়ে দিতে হবে।

বৈকারী ইউনিয়নেরই আরেক যুবক মো. মহিউদ্দীনকেও পুলিশ নারী পাচারের অভিযোগে গ্রেপ্তার করে। মহিউদ্দীন তার জবানবন্দিতে বলেছেন, তাদের পাচারের ঘাটটির (রুট) মালিক চেয়ারম্যান আসাদুজ্জামানের ছেলে ইনজা। প্রতিজনকে ওপারে নিতে তাকে টাকা দিতে হয়।

বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত  

অভিযোগ-পাল্টা অভিযোগ

Image
বৈকারীর চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে (বাঁয়ে) ও সদস্য ইশারুল ইসলাম।

বৈকারীর চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে (বাঁয়ে) ও সদস্য ইশারুল ইসলাম।

এসব অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বৈকারীর চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসবই তার বিরুদ্ধে ‘অপবাদ’।

রাজনৈতিক প্রতিহিংসার কারণে মেহেদি হাসান বাবু ও মহিউদ্দীন আদালতে এসব কথা বলেছেন বলে দাবি তার।

আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান বলেন, “ভাই এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। বিষয়টা হচ্ছে কয়েকদিন আগে সাবেক এমপি রাজাকার খালেক মণ্ডলের মামলার (’৭১-এ মানবতাবিরোধী অপরাধ) রায় হল, ওনার বাড়ি আর আমার বাড়ি একই ইউনিয়নে। এই মামলাটা আমি দেখাশোনা করেছি।

“আর এরা যারা ধরা পড়ছে তারা হলো জামাতের লোক। এখানকার সাবেক এক চেয়ারম্যান আছে জামায়াতের, সে ২০ থেকে ২৫টা মামলা নিয়ে ঢাকায় থাকে, ওখানে বসে নানা ষড়যন্ত্র করে। এখন এরা আমাকে পরিকল্পিতভাবে এসব করতিছে।”

চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, “এখান থেকে আমরা সব নেতারা গেছিলাম মন্ত্রী মহোদয়ের কাছে। পুরো বিষয়টা হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমার বিরুদ্ধে এরা একের পর এক দুর্নাম ছড়াচ্ছে।”

যারা ধরা পড়েছে তারা সব ‘জামায়াতের লোক’ দাবি করে আসাদুজ্জামান বলেন, “বাবুর বাবা আব্দুল কাদেরের (গ্রেপ্তার) বিরুদ্ধে নাশকতার মামলা আছে। ও পাচারেও জড়িত। ওদের জামায়াতের নেতারা বুঝাইছে যে চেয়ারম্যান তোমাদের ধরাইছে, ওকে সাইজ করো। এ কারণে ওরা আমার নাম বলছে কোর্টে। কিন্তু আসলে ওদের গ্রেপ্তারের বিষয়েও আমি কিছুই জানি না।

“এখন ওরা আমার নাম কোর্টে বলিছে আমি শুনেছি, তবে এখনো কাগজপত্র দেখি নাই। তবে আমি বলতিছি এসবের কোন ভিত্তি নাই। ওরা নাকি বলিছে আমি ওদের শেল্টার দিই। এসবই মিথ্যা কথা।”

আদালতের জবানবন্দিতে নাম আসে বৈকারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইশারুল ইসলামেরও।

ইশারুল দাবি করেন, চেয়ারম্যান আসাদুজ্জামানের সঙ্গে তার ‘দা-কুমড়া’ সম্পর্ক যাচ্ছে। তিনিই ষড়যন্ত্র করে তার নামও মামলায় যুক্ত করার অপপ্রয়াস চালাচ্ছেন।

এ বিষয়ে চেয়ারম্যান আসাদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, “এই ইশারুলরা আমাক সরায় দিবার চাচ্ছে বহুদিন ধরেই। ইশারুল আর হারুনরা এসব করে। ওদের সঙ্গে আমার তিন-চারটে মামলা চলতিছে।

“ইশারুল এলাকায় নির্বাচন করার জন্য আজকে তিন বছর ধরে মাঠে আমার বিরুদ্ধে লবিং করে বেড়াচ্ছে। যেদিন ওদের গ্রেপ্তার করতে আসছিল পুলিশ, সেদিনও ইশারুল ওদের বাড়িতে গেছিল ছাড়াবার জন্য। আমি এসব শুনছিলাম।”

ইউপি সদস্য ইশারুল ইসলামও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে উল্টো চেয়ারম্যান আসাদুজ্জামান এসবের সঙ্গে যুক্ত বলে দাবি করেন।

তিনি বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ তারা তুলছে, তা মিথ্যা কথা। যে তিনজন ধরা খাইছে ওরা চেয়ারম্যান অছলের লোক। অছলের একটা ছেলে আরেকটা ধর্ম ছেলে সালাম এসব করে।”

ছেলে ইনজা ও ‘পালিত ছেলে’ সালামের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে এ প্রসঙ্গে চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, “ওরে ভাই এসবই অপপ্রচার। আমার ছেলেও জড়িত না, আর আমার যে পালিত ছেলের কথা বলছে, এরকম আমার কোন পালিত ছেলেই নাই।”

ইশারুল বলেন, “আমি বলতেছি, চুল পরিমাণ কোনো ধরনের দুই নম্বরির সঙ্গে আমার সম্পৃক্ততা নেই।”

ঢাকার পুলিশের তেজগাঁও বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, চেয়ারম্যান আসাদুজ্জামানকে গ্রেপ্তার না করার জন্য তাদের কাছে তদ্বির করেছেন সাতক্ষীরার একাধিক সংসদ সদস্য।

নিজেই স্থানীয় এমপিদের কাছে বিষয়টি নিয়ে ‘কথা বলেছেন’ জানিয়ে চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, “আমি তাদের সব জানাইছি। তারা আগে থেকেই আমার সম্পর্কে জানে, এই এলাকার রাজনীতি সম্পর্কে জানে। আমার বিরুদ্ধে এসবই মিথ্যা প্রচারণা এটা তারা বুঝতে পেরেছেন।”

মামলার অগ্রগতি

হাতিরঝিল থানায় করা ছয়টি মামলাই এখনো তদন্ত শেষ হয়নি; যদিও গত ২০ মে ভারতে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হওয়া টিকটক হৃদয়সহ ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে বেঙ্গালুরুর বিশেষ আদালত। এদের মধ্যে সাতজনকে যাবজ্জীবন এবং বাকীদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।

মামলার তদারককারী কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক বলেন, “নারী পাচারের হোতাসহ চক্রের অনেককে আমরা গ্রেপ্তার করেছি। ওই মামলাগুলোর বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ আসামি এখনও ভারতে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করতে না পারলে তদন্ত অসম্পূর্ণ থেকে যাচ্ছে। এ কারণে তদন্ত শেষ করা যাচ্ছে না।”

ভারতে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশের পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখার মাধ্যমে আবেদন করা হলেও ভারতীয় কর্তৃপক্ষের সাড়া না পাওয়ায় বিষয়টি ঝুলে রয়েছে।

এ বিষয়ে হাফিজ বলেন, “বিষয়টি দুটো রাষ্ট্রের মধ্যকার। আমরা বিভিন্নভাবে তদন্ত এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। কাউকেই ছাড় দেওয়া হবে না।”

 [এই প্রতিবেদনে তথ্য সংগ্রহে সহায়তা করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাতক্ষীরা প্রতিনিধি শহীদুল্লাহ কায়সার সুমন]