ঝিনাইদহ পৌরসভাসহ ২ ইউপিতে ভোট স্থগিত
আদালতের আদেশে ঝিনাইদহ পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এছাড়া টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ও বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচনও বন্ধ রাখা হয়েছে।
রোববার এ তথ্য জানান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান।
আগামী ১৫ জুন এসব এলাকায় ভোট হওয়ার কথা ছিল।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২ জুন এক প্রজ্ঞাপনে ঝিনাইদহ পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।
কমিশনের সেই আদেশের বিরুদ্ধে হাই কোর্টে রিট আবেদন করেন খালেক। ৮ জুন হাই কোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পান এই মেয়রপ্রার্থী।
ইসির জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান জানান, “রোববার, ১২ জুন তারিখে, আপিল বিভাগ আবেদন ডিসমিসড করেছেন এবং ২ জুনের জারি করা প্রজ্ঞাপনকে, আদেশ প্রদানের তারিখ অর্থাৎ ৮ জুন তারিখ থেকে, এক মাসের জন্য স্থগিত করেছে।
“হাই কোর্টের আদেশ প্রতিপালনার্থে, পরবর্তী আইনগত জটিলতা পরিহারের লক্ষ্যে, ঝিনাইদহ পৌরসভার ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।”
দুই ইউপির ভোট বন্ধ
ইসির জনসংযোগ পরিচালক জানান, “নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ায় অরণখোলা ইউপির তফসিল পরবর্তী নির্দেশ না দেওয়া পযন্ত স্থগিত করেছে ইসি।”
অরণখোলা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিমের পক্ষে বক্তব্য দেওয়ায় মির্জাবাড়ি ইউপির চেয়ারম্যান সাদিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তও হয়েছে বলে জানান তিনি।
ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, “অরণখোলা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুর রহিমের পক্ষে মির্জাবাড়ী ইউপির চেয়ারম্যান সাদিকুল ইসলাম ঘোষণা দেন যে, ‘অরণখোলা ইউপি নির্বাচনে নৌকায় যারা ভোট দিতে নারাজ, দয়া করে কেন্দ্রে আসবেন না। আমরা আশপাশেই অবস্থান করব। এখানে ২ হাজার ৪০০ ভোট রয়েছে। যদি দুই হাজার ভোট কাস্ট হয়, আমরা দুই হাজার ভোটই পেতে চাই।’ - তার এমন বক্তব্য বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।”
মির্জাবাড়ী ইউপির চেয়ারম্যান সাদিকুল ইসলামের বিরুদ্ধে মামলা (জিআর মামলা) দায়েরের লক্ষ্যে মধুপুর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
এছাড়া বরগুনা জেলার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদের উপনির্বাচন নির্বাচন বন্ধ রেখেছে সাংবিধানিক সংস্থাটি।
