২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

ঢাকায় স্বামীর ঘরে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

ঢাকার আদাবরের একটি ফ্ল্যাট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2022, 11:20 PM

Updated : 02 Aug 2022, 01:42 PM

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জান্নাতুল মাওয়া দিশা (২৩) নামে ওই শিক্ষার্থী তার স্বামী শরিফুল ইসলাম সুমনের (৩৭) সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন।

দিশা আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। তবে নিশ্চিত হতে লাশ ময়নাতদন্ত করা হচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী দিশা এক বছর আগে সুমনকে বিয়ে করেছিলেন।

সোমবার সকালে মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ওই ফ্ল্যাট থেকে দিশার লাশ উদ্ধার করা হয় বলে জানান আদাবর থানার ওসি কাজী শাহিদুজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা যখন খবর পাই, তখন পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সোহরোওয়ার্দী হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেছে। সেখানে ডাক্তার মৃত ঘোষণা করেন। আমরা সেখানে গিয়ে তার মৃতদেহ পাই।”

ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

স্বজনের বরাত দিয়ে ওসি বলেন, “সকাল ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় যাওয়াকে কেন্দ্র করে দিশার সাথে তার স্বামীর ঝগড়া হয়। এক পর্যায়ে দিশা রুমের বাইরে এসে বাইর থেকে দরজা ‘লক’ করে দেয়। এতে তার স্বামী বের হতে পারেনি। পরে পাশের রুমে গিয়ে দিশা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।”

আদাবর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কক্ষ থেকে বের হতে না পেরে সুমন তার বাসার দারোয়ান এবং অফিস সহকর্মীদের ফোন দেন। তারা এসে বাইরের জানালা দিয়ে সুমনকে একটি ‘রেঞ্চ’ দেন।

“সেই রেঞ্চ দিয়ে ভেতর থেকে নাটবল্টু খুলে সুমন বেডরুমের বাইরে এসে মূল দরজার ছিটকিনি খুলে দিলে সবাই ঢোকে এবং পাশের কক্ষে দিশাকে শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পায়।”

দিশার খালাত ভাই শাহরিয়ার ইমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘরের ভেতর আটকে থাকা সুমন তার মাকে (সুমনের খালা শাশুড়ি) ফোন করে ঘটনাটি জানিয়েছিলেন।

দিশার ভাবি অনিকা রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বছর জুন মাসে তাদের বিয়ে হয়। বিয়ের পর পারিবারিক নানা ধরনের মনোমালিন্য হলেও আত্মহত্যা করার মতো পরিস্থিতি ছিল না।”

পুলিশ কর্মকর্তা মোমেন বলেন, দিশা এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। সেজন্য তার চিকিৎসাও হয়েছিল।

অনিকা বলেন, “তার বিয়ের আগেও দিশা আত্মহত্যার চেষ্টা করেছিল।”

পুলিশ জানায়, সুমন চিকিৎসা সরঞ্জামের ব্যবসায়ী। দিশার বাড়ি যশোর জেলার অভয়নগরে।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণা বলছে, গত ২০২১ সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

আঁচল ফাউন্ডেশন নামের ওই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পত্র-পত্রিকায় প্রকাশিত খবর দেখে এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া তাদের সংগঠনের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা প্রতিবছরের তালিকা করে আসছেন।

মহামারীর প্রভাবের মধ্যে ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের জুলাই মাসের মধ্যে ১৫১ জন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানান তানসেন।

তিনি বলেন, চলতি বছরে মে পর্যন্ত প্রতিমাসে গড়ে ৮ থেকে ১০ জন শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাচ্ছেন তারা।