তিন পৌরসভা, দুই উপজেলা ও ১৮ ইউপিতে ২৭ জুলাই ভোট
ঢাকা ও জয়পুরহাটের তিন পৌরসভা; সিলেট ও সুনামগঞ্জের দুই উপজেলা এবং ১৮ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট হবে ২৭ জুলাই।
নির্বাচন কমিশন সোমবার এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বলে ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান জানান।
এছাড়া ওইদিনই অন্তত ৫০টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে উপনির্বাচন হবে বলে জানান তিনি।
ইসির যুগ্মসচিব বলেন, ২৭ জুলাই ঢাকা জেলার দোহার পৌরসভা, জয়পুরহাটের পাঁচবিবি ও ক্ষেতলাল পৌরসভা, সিলেটের ওসমানী উপজেলা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ভোট হবে।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এসব এলাকায় ভোটগ্রহণ করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী এসব এলাকায় রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ২৮ জুন, মনোনয়নপত্র বাছাই ৩০ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ৭ জুলাই এবং ভোট ২৭ জুলাই।
সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে তাদের দ্বিতীয় নির্বাচন।
এর আগে ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন এবং আরও ছয়টি পৌরসভা, একটি উপজেলা ও ১৩৩টি ইউপির ভোটগ্রহণের মধ্য দিয়ে নিজেদের মেয়াদে প্রথম নির্বাচন আয়োজন করতে যাচ্ছে এই কমিশন।
