২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রীতির পরিবারকে প্রধানমন্ত্রীর ২০ লাখ টাকা অনুদান

ঢাকার শাহজাহানপুরে দুর্বত্তের গুলিতে নিহত কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতির পরিবারকে ঈদের আগে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2022, 02:02 PM

Updated : 14 Jul 2022, 05:53 PM

সোমবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া অনুদানের চেক তুলে দেন প্রীতির বাবা মোহাম্মদ জামাল উদ্দিনকে।

পারিবারিক সঞ্চয়পত্র হিসেবে এ অনুদান দেওয়া হয়েছে।

এ সময় সাংবাদিক সোহেল সানিকেও ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দেওয়া হয়।

গত ২৪ মার্চ শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুর পাশাপাশি গুলিতে নিহত হন প্রীতি।

পুলিশের বক্তব্য অনুযায়ী, হামলাকারীদের লক্ষ্য ছিল সড়কে গাড়িতে থাকা আওয়ামী লীগ নেতা টিপু। তাদের এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারান রিকশায় থাকা প্রীতি।

অনুদানের চেক দিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যারাই এ পর্যন্ত সহযোগিতা চেয়েছেন, তিনি অত্যন্ত মানবিক দিক বিবেচনায় নিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন।”

২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদান বিতরণের হিসাবও তুলে ধরেন তিনি।

বিপ্লব জানান, ২০১৯ সাল থেকে এপর্যন্ত ৩৫ হাজার ব্যক্তিকে ১১শ কোটির বেশি টাকা অনুদান দেওয়া হয়। এর মধ্যে ২০১৯ সালে দেওয়া হয় ১৪০ কোটি টাকা, ২০২০ সালে ৫৮০ কোটি, ২০২১ সালে ৩২৪ কোটি এবং ২০২২ সালের এপর্যন্ত ৭৫ কোটি টাকা সহায়তা করা হয়েছে।