২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপনগরে দুই ট্রাক ও এক পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ মৃত্যু

রাজধানীর রূপনগর বেড়িবাঁধ এলাকায় দুটি ট্রাক ও একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেছে দুজনের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2022, 12:02 PM

Updated : 28 Apr 2022, 11:56 PM

শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে রুপনগর থানার ওসি আরিফ হোসেন সরদার জানান।

মৃত বাদল (২২) ও মো. রফিকের (২৩) নাম ছাড়া আর কোনো পরিচয় পুলিশ জানতে পারেনি।

ওসি আরিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেড়িবাঁধ এলাকায় একটি গাড়ি আরেকটিকে 'ওভারটেক' করতে গেলে ওই তিন বাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন।

তিনটি গাড়িই পুলিশ জব্দ করেছে জানিয়ে ওসি বলেন, গাড়িগুলোর মধ্যে কোনটি ওভারটেক করতে গিয়েছিল তা শনাক্ত করা সম্ভব হয়নি।