২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘১০০ জনকে পাচার করে ৮ কোটি টাকা হাতিয়ে নিয়ে’ গ্রেপ্তার

ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানো একটি মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ‍র‍্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2022, 06:00 PM

Updated : 02 Aug 2022, 03:07 PM

তারা ১০০ জনকে পাচার করে আট কোটি টাকা হাতিয়ে নেওয়ার স্বীকারোক্তি দিয়েছেন বলেও জানিয়েছেন র‌্যাব-৩ এর কর্মকর্তা এএসপি মো. খায়রুল কবীর।

গ্রেপ্তার দুজন হলেন ইফতাফ শাহীন (৩৮) ও মো. মিজানুর রহমান (৩২)।

সোমবার রাতে ঢাকার রমনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব কর্মকর্তা খায়রুল কবীর সংবাদিকদের বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। এই চক্রের ‘হোতা’ মো. সজিবুল ইসলাম (৩৫) বর্তমানে তুরস্কে রয়েছেন।

র‌্যাবের কাছে অভিযোগ আসে, এই চক্র ৬ লাখ টাকার বিনিময়ে নানা প্রলোভন দেখিয়ে এক ব্যক্তিকে সার্বিয়াতে পাঠায় গত বছরের ১৭ নভেম্বর। ওই ব্যক্তিকে বলা হয়, ওই দেশে তিনি বছরে দুটি বোনাসসহ ৬০ হাজার টাকা বেতনের চাকরি পাবেন, সেখানে তার থাকা-খাওয়ার জন্য নিজের অর্থ খরচ করতে হবে না। সার্বিয়ায় কোনো সমস্যা হলে দেশে ফিরিয়ে আনা হবে বলেও তাকে আশ্বাস দেওয়া হয়।

ওই ব্যক্তি গত বছর ১৭ নভেম্বর সার্বিয়া যেতে দেশ ছাড়েন এবং সেখানে পৌঁছনোর পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পেয়ে তিনি মানবেতর জীবন যাপন করতে থাকেন এবং এক পর্যায়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

র‍্যাব জানায়, ওই অবস্থায় মানবপাচার চক্র তাকে অবৈধ পথে ইতালি যাওয়ার প্রস্তাব দেয়; এবং মার্চের ৭ তারিখে ভুক্তভোগীর স্ত্রী জানতে পারেন যে, তার স্বামী সার্বিয়াতে মারা গেছেন।
খায়রুল বলেন, “এ চক্র দীর্ঘদিন যাবৎ সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষকে থাকা-খাওয়াসহ উচ্চ বেতনে উন্নত জীবন-যাপনের প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে দেশি-বিদেশি পাচারকারীদের সহায়তায় মানবপাচার অপরাধ করে আসছে।”

গ্রেপ্তার শাহীন ও মিজানুরের বিরুদ্ধে সাভার থানায় মামলা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।