২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শততম ব্রেইল বইয়ের প্রকাশনা নিয়ে এল স্পর্শ

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ লিখন পদ্ধতি ‘ব্রেইলে’ শততম বই প্রকাশ করেছে স্পর্শ ব্রেইল প্রকাশনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2022, 11:49 PM

Updated : 02 Aug 2022, 03:04 PM

অমর একুশে বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে সম্প্রতি শততম বই হিসেবে আবদুল্লাহ আবু সায়ীদের লেখা ‘ব্রাহ্মণের বাড়ির কাকতাড়ুয়া’ বইটির ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বইমেলার সদস্য সচিব জালাল আহমেদ এটির মোড়ক উন্মোচন করেন।

স্পর্শ ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা ও সভাপতি নাজিয়া জাবীন, স্পর্শের উপদেষ্টা মফিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার, কথা সাহিত্যিক মো. জাফর ইকবাল, সংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারসহ একদল দৃষ্টিপ্রতিবন্ধী পাঠক সেখানে উপস্থিত ছিলেন।

দৃষ্টিহীনদের বইপড়ার পরিসরকে আরও বিস্তৃত ও সহজ করার পরিকল্পনা নিয়ে ২০০৮ সালে যাত্রা শুরুর করেছিল স্পর্শ। ২০০৯ সালে প্রথম ছড়ার বই ব্রেইল পদ্ধতিতে প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

পরের বছর প্রথম শিশুতোষ গল্পের বইয়ের ব্রেইল প্রকাশনা তাদের তালিকায় যুক্ত হয়। এরই ধারাবাহিকতায় বেশ কয়েকটি ব্রেইল বই নিয়ে ২০১১ সালে একুশে বইমেলায় স্টল নিয়ে আসে স্পর্শ। এভাবে প্রতিবছর তাদের প্রকাশিত বইয়ের তালিকা দীর্ঘ হতে থাকে।