আমিরাত পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দুবাই এক্সপোসহ কয়েকটি আয়োজনে যোগ দিতে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ঢাকার শাহজালাল বিমানবন্দর ছাড়েন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আমিরাত সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বিমানটি আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সংবাদ সংস্থা বাসস জানায়, বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা স্ট্র্যাটিক গার্ড অব অনার দেওয়া হয়।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর।
করোনাভাইরাস মহামারীর মধ্যে গত বছরের ডিসেম্বরে মালদ্বীপ সফরের পর এটাই শেখ হাসিনার প্রথম বিদেশযাত্রা। আমিরাতের উপরাষ্ট্রপতি ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে তিনি সে দেশে গেলেন।
রোববার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ সফরের বিভিন্ন দিক তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি জানান, এই সফরে মোট পাঁচটি সমঝোতা স্মারক সই হতে পারে।
সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে দুবাই এক্সপোতে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দুবাই একজিবিশন সেন্টারে ‘রিডিফাইনিং দ্য ফিউচার ফর উইমেন’ শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রী এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নও ঘুরে দেখবেন, যেখানে গত বছর থেকে বাংলাদেশের গল্প, বাংলাদেশের সাফল্যগাথা তুলে ধরা হয়েছে।
বিকেলে দুবাই এক্সিবিশন সেন্টারে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুবাই এক্সপোকে বিশ্বে নিজেদের তুলে ধরার একটি ‘মোক্ষম প্ল্যাটফর্ম’ অভিহিত করে পররাষ্ট্রমন্ত্রী বুধবারের সংবাদ সম্মেলনে বলেছিলেন, “দেশের ভাবমূর্তি তুলে ধরা ও বাংলাদেশে নারীর ক্ষমতায়নসহ অর্থনৈতিক খাতে আমাদের অর্জনগুলোকে তুলে ধরার মানসে এই সফরের সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী।”
তিনি জানান, আমিরাতের সঙ্গে বাংলাদেশের সরাসরি জাহাজ চলাচল নিয়ে আলোচনা হবে প্রধানমন্ত্রীর এবারের সফরে।
তাছাড়া দুই দেশের ব্যবসায়ীদের আয়োজনে ‘যৌথ ব্যবসায় ফোরাম’ বিনিয়োগের নতুন ক্ষেত্র সৃষ্টি করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
আমিরাতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ২ বিলিয়ন ডলার। এর মধ্যে দেড় বিলিয়ন ডলার আমিরাতই রপ্তানি করে।
সফরের তৃতীয় দিন বুধবার আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্ত্রী শেখ ফাতিমার সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে বাংলাদেশের সরকার প্রধানের।
সেদিন রাতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফরের দেওয়া নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে তিনি দুবাই থেকে ঢাকায় বিশ্ব খাদ্য সংস্থার আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী পর্বে অংশ নেবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। সেদিন বিকালে সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশের ব্যবসায়ীদের এক যৌথ অনুষ্ঠানে অংশ নেবেন।
পরদিন শুক্রবার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
ওই অনুষ্ঠানই তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাশ আল খাইমাতে বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের ভিত্তিস্থাপন করবেন।
সফর শেষে আগামী ১২ মার্চ রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
