২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

মসজিদে কুপিয়ে ‘হত্যাচেষ্টা’: বিমানবন্দরে গ্রেপ্তার প্রবাসী

কুমিল্লায় মসজিদে একজনকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2022, 11:50 PM

Updated : 02 Aug 2022, 03:01 PM

মঙ্গলবার বিকালে রফিকুল ইসলাম (৩৫) নামের প্রবাসী ওই ব্যাক্তি কুয়েতে পালানোর চেষ্টা করছিল বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

বিমানবন্দরের আর্মড পুলিশ এপিবিএন তাকে গ্রেপ্তারের পর কুমিল্লা বুড়িচং থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে তিনি জানান।

পুলিশ জানায়, গত সোমবার শবে মেরাজের রাতে বুড়িচং উপজেলার নাজিরাবাজার বাইতুর রহমান জামে মসজিদে নামাজরত অবস্থায় সোলেমান (২৮) নামে এক যুবককে কয়েকজন কুপিয়ে হত্যার চেষ্টা করে।পরে মুমূর্ষু অবস্থায় তাকে কুমিল্লা কুচাইতুলি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার ঘটনায় একই এলাকার কুয়েত প্রবাসী দুই ভাই মোঃ রফিকুল ও মোঃ সুমনসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যার চেষ্টার মামলা করা হয়।

পুলিশ কর্মকর্তা জিয়াউল হক জানান, রফিকুল ঢাকায় এসে কুয়েতে পালিয়ে যাওয়ার চেষ্টায় আছে এমন সংবাদের ভিত্তিতে আর্মড পুলিশ সদস্যদের একটি গোয়েন্দা দল নজরদারি বাড়ায়।

“বিকালে বাংলাদেশ বিমানের চেক ইন কাউন্টারে রফিকুল হিসেবে সন্দেহভাজন একজনকে চ্যালেঞ্জ করা হয়। পরে বুড়িচং থানা পুলিশের সঙ্গে কথা বলে নিশ্চিত হলে তাকে গ্রেপ্তার করা হয়।"

তার ভাই সুমনও যেন দেশের বাইরে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে কঠোর নজরদারি রয়েছে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা জিয়াউল।