২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

৩ প্রবাসীর ডাকাতির ঘটনায় অবশেষে মামলা, গ্রেপ্তার ২

মেঘনা সেতুর টোলপ্লাজার যানজটে আটকে থাকা তিন প্রবাসীকে বহনকারী দুটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় অবশেষে মামলা নিয়েছে পুলিশ; গ্রেপ্তারও করা হয়েছে দুজনকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2022, 11:11 PM

Updated : 02 Aug 2022, 03:00 PM

রোববার ডাকাতির ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার ভূক্তভোগী প্রবাসীদের একজন গেয়াসউদ্দীন সবুজ থানায় এসে ডাকাতির মামলা করেছেন। ওই মামলায় দুইজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

গ্রেপ্তারদের কাছ থেকে লুট হওয়া অল্প কিছু জিনিসপত্রও উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তার দুজনকে শনাক্ত করে গেছেন মামলার বাদী সবুজ।

তবে গ্রেপ্তার দুজনের নাম-পরিচয় প্রকাশ করেননি ওসি।

গত ১৮ ফেব্রুয়ারি রাতে সৌদি আরব থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের গেয়াসউদ্দীন সবুজ, কাজী জামালউদ্দীন ও জাহিদ হাসান। তিনজনই পরস্পরের আত্মীয়।

বিমানবন্দর থেকে ফেরার পথে টোল প্লাজার কাছে ডাকাতি, ৩ প্রবাসীর মামলা ‘নেয়নি’ থানা  

মধ্যরাতের দিকে তারা দুটি মাইক্রোবাসে করে কাছাকাছি সময়ে বিমানবন্দর থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে মেঘনা সেতুর টোলপ্লাজার সামনে যানজটে থেমে থাকা অবস্থায় তাদের গাড়ি দুটি আলাদাভাবে ডাকাতদের কবলে পরে।

ডাকাতরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। লুটে নিয়ে যায় তাদের লাগেজ, মুঠোফোন, টাকা, স্বর্ণালঙ্কারসহ সবকিছুই।

ওই ঘটনার পর ডাকাতির শিকার প্রবাসীরা অভিযোগ করেছিলেন, তারা এ বিষয়ে অভিযোগ করতে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় গেলে পুলিশ তাদের কাছ থেকে মামলা না নিয়ে পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরি (জিডি) নিয়েছে।

পরে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর রোববার তাদের মামলা নিয়েছে সোনারগাঁ থানা পুলিশ। এবং পরে দুজনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।