ঢাকা বারের ভোটের ফল প্রত্যাখ্যান বিএনপি-জামায়াত সমর্থকদের
জবরদস্তির অভিযোগ তুলে ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল।
গত বুধ ও বৃহস্পতিবার ঢাকা বারে ভোটগ্রহণের পর শনিবার ফল ঘোষণা হয়। তাতে সমিতির ২৩টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলকে ১৭টি পদে, বিএনপি-জামায়াত সমর্থকদের নীল প্যানেলকে ছয়টি পদে জয়ী ঘোষণা করা হয়।
নীল প্যানেলের সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বহিরাগতরা ভোটার স্লিপ জোর করে নিয়ে ব্যালট পেপার ছিনতাই করে ভোট দিয়েছে। জাল ভোটও দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকাও ছিল সাদা দলের পক্ষে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ঢাকা বারের সাবেক সভাপতি ও বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার।
বারের সাবেক সভাপতি খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, নীল প্যানেলের হয়ে এবারের সভাপতি প্রার্থী খোরশেদ মিয়া আলম, সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
মাসুদ তালুকদার বলেন, “নির্বাচনের দুই দিনে সাদা প্যানেলের প্রার্থীর পক্ষে বলপূর্বক প্রায় সব ভোট কেটে দিয়েছে। ভোটাররা প্রতিবাদ করলে তাদেরও নানাভাবে অপমান করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করেন।”
প্রধান নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আবুকে নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “ঢাকার মেট্রো পিপি এবং আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আবুকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়। তার নিয়োগে সব সাধারণ আইনজীবীর আপত্তি ছিল।
“সাধারণ আইনজীবীদের সংশয় ছিল, আব্দুল্লাহ আবু দলীয় প্রভাবের বাইরে গিয়ে কোনোভাবেই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সক্ষম হবেন না। সে আশঙ্কা সত্য হয়েছে।”
এসব অভিযোগ তুলে মাসুদ তালুকদার বলেন, “জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিট ও সাধারণ আইনজীবীদের পক্ষে এ নির্বাচন ও ঘোষিত ফল সম্পূর্ণভাবে প্রত্যাখান করা হল।”
