বিমানের সুবর্ণ জয়ন্তীতে বিশেষ ডাকটিকেট
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকেট, একটি খাম এবং একটি ডেটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট, ১০ টাকা মূল্যমানের একটি খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ড অবমুক্ত করেন।
এ ডাকটিকেট,খাম এবং ডেটা কার্ড ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রয় করা হবে। পরে দেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসেও পাওয়া যাবে।
সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বিমানের একটি স্যুভেনিয়র গ্রহণ করেন।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।
