২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ‘সহকর্মীকে খুন করে’ নেত্রকোণায় গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে নিরাপত্তাকর্মী জীবন চন্দ্র বিশ্বাস হত্যা মামলায় তার সহকর্মী রবিউল আলম হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2022, 07:20 PM

Updated : 02 Aug 2022, 02:58 PM

সোমবার রাতে নেত্রকোণা সদর থানার হোসেনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডির এলআইসি শাখা।

তদন্তকারীরা বলছেন, রবিউল আরেকজনের সনদ দেখিয়ে চাকরি করছিলেন, বিষয়টি জেনে গিয়ে তাকে ‘ব্ল্যাকমেইল’ করছিলেন জীবন। এ নিয়ে ঝগড়ার মধ্যে হৃদয়ের ছুরিতে খুন হন জীবন।

গত ১০ ফেব্রুয়ারি গাজীপুরের শ্রীপুর থানার ধানুয়া উত্তরপাড়া গ্রামে ২৮ বছর বয়সী জীবনের লাশ পাওয়া যায়। এ ঘটনায় তার ভাই সুমন চন্দ্র বিশ্বাস গত ১৩ ফেব্রুয়ারি শফিকুল আলম জয় নামের এক ব্যক্তিকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন।

মামলার তদন্তে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করে ঘটনার সঙ্গে আসামি জয়ের ভাই রবিউল আলম হৃদয়ের (২৬) সংশ্লিষ্টতা খুঁজে পায় সিআইডি। তার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান এ তদন্ত সংস্থার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

জিজ্ঞাসাবাদে হৃদয়ের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মুক্তা ধর বলেন, হৃদয় তার বড় ভাই শফিকুল আলম জয়ের এসএসসি ও এইচএসসির সনদপত্র দেখিয়ে নিরাপত্তা প্রহরীর কাজ করতেন। শ্রীপুরের 'হাজী বাড়ী প্ল্যান্ট' নামে একটি খামারে তিনি দুইমাস ধরে কাজ করে আসছিলেন। কোম্পানির ভাড়া বাসায় যে কক্ষে তিনি থাকতেন, সেখানে সহকর্মী জীবনও থাকতেন।

“ঘটনার দিন রাত সাড়ে ৭টায় জীবন আসামি রবিউলের কাছে ৫০ হাজার টাকা দাবি করে বলে, এই টাকা না দিলে রবিউল যে অন্যের সার্টিফিকেট দিয়ে চাকরি করছে তা ফাঁস করে দিবে। এতে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়।

"এক পর্যায়ে রবিউল ঘরে থাকা দৈনন্দিন কাজে ব্যবহৃত ধারালো ছুরি দিয়ে জীবনের পেটে আঘাত করলে সে গুরুতর আহত হয় এবং পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।"