কর্মচারীরা টিকা না নিলে দোকান মালিকের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি
কোনো দোকানের কর্মচারী টিকা না নিলে সেই দোকানের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ার করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
টিকার বিষয়ে সচেতনতা বাড়াতে মঙ্গলবার ঢাকার নয়া পল্টনের পলওয়েল সুপার মার্কেটে ‘টিকা নিন, টিকা নিন’ গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ বিষয়ে কথা বলেন।
শফিকুল বলেন, “টিকা না নেওয়ার পরও যদি মালিক তাদের দোকানে রাখে সে মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। নিজ দায়িত্বে টিকা নিতে হবে। নিজে বাঁচতে হবে, অন্যকে বাঁচাতে হবে।
“আপনি সুরক্ষিত না হলে আপনার পরিবার ঝুঁকিতে পড়বে। এগুলো চিন্তা করেই টিকা নিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।”
অনেক দেশে টাকা দিয়ে টিকা নিতে হচ্ছে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, “আমাদের পাশের দেশ ভারতেও টাকা দিয়ে টিকা নিতে হচ্ছে। অনেক সম্পদশালী দেশেও টাকা দিয়ে টিকা নিতে হচ্ছে। কিন্তু বাংলাদেশে টাকা ছাড়াই সব মানুষকে টিকা দেওয়া হচ্ছে।”
দেশে ‘খুঁজে খুঁজে’ মানুষকে টিকা দেওয়া হচ্ছে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীরা এখন টিকা ছাড়া যেতে পারছে না।
“দোকান-মালিক সমিতি উদ্যোগ নিয়েছে, কোনো কর্মচারী বা মালিক যদি টিকা না নেয় তাহলে সে দোকান বন্ধ করে দেওয়া হবে।”
বাংলাদেশ দোকান-মালিক সমিতি আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির নেতা ও বিভিন্ন মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
