২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মলাটে চট্টগ্রামের ১৯ ভাষা সৈনিকের গল্প

ভাষা আন্দোলনে অবদান রাখা চট্টগ্রামের ১৯ ভাষাসৈনিকের সংগ্রাম নিয়ে একটি বই প্রকাশ করেছে ‘নগদ’ ও দ্য বিজনেস স্টান্ডার্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2022, 09:36 PM

Updated : 02 Aug 2022, 02:57 PM

রোববার ‘ভাষা আন্দোলনে চট্টগ্রাম’ শীর্ষক বিশেষ এ যৌথ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি ‘নগদ’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চট্টগ্রাম অঞ্চলের ১৯ জন ভাষাসৈনিকের না বলা গল্প নিয়ে সাজানো হয়েছে ‘ভাষা আন্দোলনে চট্টগ্রাম’ শীর্ষক বইটি।

এতে ভাষাসৈনিক শহীদ সাবের, আহমেদুর রহমান আজমী, এ কে এম এমদাদুল ইসলাম, শ্রী কৃষ্ণ গোপাল সেন, আব্দুস সালাম, এ কে এম রফিক উল্লাহ চৌধুরী, আব্দুল্লাহ আল হারুন, রমেশ শীল, এম এ আজিজ, আবুল কালাম আজাদ, চেমন আরা, মোহাম্মদ সোলায়মান, বিনোদ বিহারী, প্রতিভা মুৎসূদ্দি, শওকত ওসমান, জহুর আহমেদ চৌধুরী, অধ্যাপক আব্দুল ফজল, সায়েদুল হক এবং মাহবুব উল আলম চৌধুরীর গল্প স্থান পেয়েছে ম্যাগাজিনটিতে।

মহান ভাষা আন্দোলনে রাষ্ট্র ভাষা হিসেবে বাংলার মর্যাদা অর্জনের জন্য তাদের সক্রিয় অংশগ্রহণ ও অবদানের গল্প উঠে এসেছে এই প্রকাশনায়।

ভাষা আন্দোলনে ভাষা সৈনিকদের অবদান ও আত্মত্যাগে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি ম্যাগাজিনটি বাংলা ভাষার এবং অমর একুশে ফেব্রুয়ারির ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন সামনে রেখে এই ১৯টি গল্প ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রিন্ট এবং অনলাইন সংস্করণের মাধ্যমে প্রকাশ করেছে।

সোমবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের দৈনিক সংবাদপত্রের সঙ্গে দেশজুড়ে প্রকাশনাটি পাওয়া যাবে।

নগদ এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুককে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই প্রচেষ্টা আমাদের সাহসী ভাষা সৈনিকদের ইতিহাস সংরক্ষণ ও সম্মান প্রদর্শনের একটি ছোট পদক্ষেপ। নগদ এমন একটি উদ্যোগের অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত।”

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বীরমুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত অভিনেতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু উপস্থিত ছিলেন।