২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘৫ দিন আটকে রেখে ধর্ষণ’: ৩ আসামি দুই দিনের রিমান্ডে

রাজধানীতে এক তরুণীকে পাঁচ দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে দুই দিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। শুক্রবার ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদ শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2022, 09:25 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

বিচারক এসময় ডালিয়া আক্তার দিনা নামে এক নারীর রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

রিমান্ডে যাওয়া তিন আসামি হলেন- ওই কিশোরীর কথিত প্রেমিক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনির হোসেন শুভ, বিল্লাল ওরফে আল আমিন ও সুজন ওরফে সবুজ।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন চার আসামিকে  ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন।

Image
মনির হোসেন শুভ

মনির হোসেন শুভ

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হেফাজতের আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। কিন্তু কৌশলে বিভিন্ন তথ্য এড়িয়ে যাচ্ছেন।

এ কারণে মামলার সুষ্ঠু তদন্ত, ন্যায় বিচারের স্বার্থে সঠিক নাম-ঠিকানা যাচাইসহ ঘটনায় আসামিদের ভূমিকা নির্ণয় এবং মামলার মূল রহস্য উদঘাটনে রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আসামি শুভর পক্ষে আইনজীবী ঢাকা বারের সাধারণ সম্পাদক খন্দকার হযরত আলী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপর আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বুধবার সন্ধ্যায় ওই তরুণীকে পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এক তরুণী। পরে রাতেই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র শিক্ষার্থী শুভকে আটক করে র‌্যাব।

পরদিন ওই কিশোরীর বাবা লালবাগ থানায় মামলা দায়ের করেন।

‘৫ দিন আটকে রেখে ধর্ষণ’: বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেপ্তার  

‘৫ দিন আটকে রেখে ধর্ষণের শিকার’ কিশোরীকে উদ্ধার  

মামলার বিবরণ অনুযায়ী, মাস ছয়েক আগে নির্যাতিত মেয়েটি ও শুভর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুভ তাকে বিয়ের প্রস্তাবও দেয়। মাস খানেক আগে মেয়ে ও স্ত্রীকে রেখে গ্রামের বাড়ি পটুয়াখালী যান তরুণীটির বাবা। কয়েকদিন আগে ওই তরুণী গ্রামের বাড়ি যায়। তখন শুভ তাকে বিয়ে করার কথা বলে ঢাকায় আসতে বলে এবং ভাড়াবাবদ ৬৫০ টাকাও পাঠায়।

ওই কিশোরী ১১ ফেব্রুয়ারি পটুয়াখালী থেকে রওনা হয়ে পরদিন ঢাকায় পৌঁছায়। সেখান থেকে শুভ ওই তরুণীকে নিয়ে লালবাগ বেড়িবাঁধ এলাকায় দিনার বাসায় নিয়ে যায়। দিনার সহায়তায় শুভ তার প্রেমিকাকে ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ করা হয়।

গত ১৪ ফেব্রুয়ারি শুভ ওই তরুণীকে বিল্লালের বাসা মুগদায় নিয়ে যায়। সেখানে শুভর উপস্থিতিতে বিল্লাল ও সুজন তাকে পালাক্রমে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়।

পরে গত বুধবার ওই তরুণীকে রিকশা যোগে টিএসসি এলাকায় ফেলে রেখে যায় বিল্লাল।