প্রতারণা: সাদিয়া ইন্টারন্যাশনালের মালিকের ৫ বছর সাজা
পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খুলে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাদিয়া ইন্টারন্যাশনালের মালিক নাজমুল হককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, আসামি নাজমুল হক পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
রায়ের বিবরণ থেকে জানা যায়, ১৯৯৬ সালের ২৮ নভেম্বর প্রাইম ব্যাংক মতিঝিল শাখায় একটি চলতি হিসাব খোলেন নাজমুল হক।
পরে তিনি ভারত থেকে ডিজেল ইঞ্জিনের যন্ত্রাংশ আমদানির জন্য ৪৯ হাজার ২০০ মার্কিন ডলার বা ২০ লাখ ৮৭ হাজার ৭২৭ টাকার দুটি এলসি খোলেন এবং ২৫ শতাংশ মার্জিনে ৫ লাখ ২৩ হাজার টাকা জমা দেন।
ওই বছর ৭ সেপ্টেম্বর ভারতীয় প্রতিষ্ঠান মেসার্স বনানী এন্টারপ্রাইজের অনুকূলে টাকা পাঠিয়ে দেয় প্রাইম ব্যাংক।
কিন্তু মালামাল আমদানির পর বার বার তাগাদা দেওয়া সত্বেও নাজমুল হক ব্যাংক থেকে আমদানি করা মালামালের শিপিং ডকুমেন্ট ছাড় করেননি, কাস্টমস থেকে মালামালও খালাস করেননি।
এর মাধ্যমে নাজমুল হক তার জমা দেওয়া ৫ লাখ ২৩ হাজার টাকা বাদে ব্যাংকের পাওনা বাবদ ১৫ লাখ ৬৪ হাজার ৭২৭ টাকা ‘প্রতারণা ও ক্ষতিসাধনের’ মাধ্যমে আত্মসাত করেন বলে দুদকের ভাষ্য।
এ অভিযোগে ২০১১ সালের ২৯ ডিসেম্বর দুদকের তৎকালীন উপ-পরিচালক গোলাম মোস্তফা মতিঝিল থানায় এ মামলা করেন।
মামলার তদন্ত করে ২০১৮ সালের ৪ এপ্রিল তিনি আদালতে অভিযোগপত্র দাখিল করার পর নাজমুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
মামলার বিচার চলাকালে বিচারক ১০ জন সাক্ষীর মধ্যে সাত জনের সাক্ষ্য নেওয়া হয়।
