সোহেল রানাকে কেন আদালতে হাজির করা হয়নি, প্রশ্ন কারা কর্তৃপক্ষকে
আট বছর আগের সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা মামলাটিতে সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে প্রধান আসামি বন্দি সোহেল রানাকে আদালতে কেন আনা হয়নি, কারা কর্তৃপক্ষকে তার কারণ দর্শাতে বলেছেন ঢাকার জেলা ও দায়রা জজ।
বুধবার বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূইয়া এ নিদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিমল সমাদ্দার জানিয়েছেন।
গত ৩১ জানুয়ারি মামলাটির বাদী সিআইডির ওয়ালী আশরাফ ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেওয়া শুরু করেন।
বিমল সমাদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার বাদী আদালতে হাজির থাকলেও সোহেল রানাকে হাজিরে ব্যর্থতায় বিচারক আজ সাক্ষ্য নিতে পারেননি। আইন অনুযায়ী আসামিদের সামনে সাক্ষ্য করার নিয়ম রয়েছে।”
এর আগের সাক্ষ্য নেওয়ার সময় সোহেল রানাকে কারাগার থেকে আনতে না পারায় তার সঙ্গে কারাগারে ভার্চুয়ালি যোগাযোগ করা হয়।
আদালত কর্মকর্তা সিরাজুল ইসলাম বিডিনিউজ টায়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ১৬ মার্চ সাক্ষী (বাদী) ওয়ালী আশরাফ, আরও দুই সাক্ষী মো. ইকরামুল হক, মোসা. শিউলি আক্তারকে আদালতে হাজির হতে সমন পাঠানোর আদেশ দেওয়া হযেছে।
জামিনে থাকা আসামি জান্নাতুল ফেরদৌস, আনিসুর রহমান ওরফে আনিসুজ্জামান, মো. জামশেদুর রহমান, মো. ইউসুফ আলী, উত্তম কুমার রায়, নয়ন মিয়া, মো. বেলায়েত হোসেন, মো. আমিনুল ইসলাম, মো. আব্দুস সালাম, বিদ্যুৎ, মো. মধু, মো. রকিবুল হাসান রাসেল, মো. রফিকুল ইসলাম, মাহমুদুর রহমান তাপস, মো. আওলাদ হোসেন বুধবার আদালতে হাজিরা দেন।
জামিনে থাকা মর্জিনা বেগম, মো. সারোয়ার কামাল, অনিল দাসের পক্ষে তাদের আইনজীবীরা আদালতে হাজির থাকতে পারেননি বলে সময় চান।
এ মামলার আসামি রানার বাবা মো. আব্দুল খালেক ওরফে খালেক কুলু ও আতাউর রহমান মারা গেছেন। আর আসামি রেফাত উল্লাহর বিরুদ্ধে মামলার কার্যক্রমে হাই কোর্টের স্থগিতাদেশ ছিল।
আসামি মাহবুবুর রহমান, ফারজানা ইসলাম, মো. শফিকুর ইসলাম ভূইয়া, মনোয়ার হোসেন বিপ্লব, সৈয়দ শফিকুল ইসলাম জনি, রেজাউল ইসলাম, রেজাউল ইসলাম, নান্টু কনট্রাকটর, আবু বকর সিদ্দিক, মো. আবুল হাসান, মোহাম্মদ আলী খান, বজলুল সামাদ পলাতক রয়েছেন।
এই মামলার কার্যক্রম দীর্ঘদিন আটকে ছিল আসামিদের আবেদনে উচ্চ আদালতের স্থগিতাদেশে।
রাষ্ট্রপক্ষের আরেক আইনজীবী মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, অভিযোগ গঠনের পরপরই আটজন আসামি উচ্চ আদালতে গিয়ে মামলাটি স্থগিতের আবেদন করেন। তাদের মধ্যে ছয়জনের আবেদন নিষ্পত্তি হয়েছে। দুই আসামি সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ এবং সাবেক কমিশনার হাজি মোহাম্মদ আলীর পক্ষের আবেদন নিষ্পত্তি হয়নি।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন আটতলা রানা প্লাজা ধসে নিহত হন এক হাজার ১৩৫ জন; প্রাণে বেঁচে গেলেও পঙ্গুত্ব বরণ করতে হয় আরও হাজারখানেক গার্মেন্ট শ্রমিককে।
বিশ্বকে নাড়িয়ে দিয়ে যাওয়া সেই ঘটনার দিনই সাভার থানায় দুটি মামলা হয়। পরের বছর দুর্নীতি দমন কমিশন দায়ের করে আরেকটি মামলা।
প্রথমটিতে হতাহতের ঘটনা উল্লেখ করে ভবন ও কারখানা মালিকদের বিরুদ্ধে মামলাটি করেন সাভার মডেল থানার এসআই ওয়ালী আশরাফ।
‘অবহেলা ও অবহেলাজনিত হত্যার’ অভিযোগে মামলা দায়েরের দুই বছর পর ২০১৫ সালের ২৬ এপ্রিল সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয়কৃষ্ণ কর ভবন মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় সাক্ষী করা হয় ৫৯৪
২০১৬ সালের ১৮ জুলাই ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
