২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খায়রুজ্জামানকে ফেরাতে আইনি চেষ্টা চলবে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সাবেক হাই কমিশনার, জেল হত্যা মামলার সন্দেহভাজন এম খায়রুজ্জামানকে দেশে ফেরাতে সরকার সব ধরনের আইনি প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 07:56 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বুধবার তাদের ডিপোর্টেশন সেন্টার থেকে সাবেক এই কূটনীতিককে মুক্তি দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা খবরটা পেয়েছি। যত ধরনের আইনি প্রক্রিয়া আছে, সেগুলোতে আমরা প্রচেষ্টা চালাব।”

খায়রুজ্জামানকে প্রত্যর্পণে মালয়েশিয়ার আদালত স্থগিতাদেশ দেওয়ার পরদিনই তাকে মুক্তি দিল দেশটির ইমিগ্রেশন বিভাগ।

এক যুগের বেশি সময় ধরে শরণার্থী হিসেবে মালয়েশিয়ায় বসবাস করে আসা অবসরপ্রাপ্ত মেজর খায়রুজ্জামানের বিরুদ্ধে ১৯৭৫ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে চার জাতীয় নেতাকে হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ মামলায় শুরুতে তার নাম থাকলেও পরে তাকে খালাস দেওয়া হয়েছিল।

চার দলীয় জোট সরকারের সময় রাষ্ট্রদূতের দায়িত্ব পাওয়া সাবেক এই সেনা কর্মকর্তাকে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে হাই কমিশনার করে মালয়েশিয়ায় পাঠানো হয়।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের সময় তাকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য দেশে ফিরতে বলা হয়েছিল। কিন্তু বিপদ বুঝে তিনি কুয়ালালামপুর থেকে জাতিসংঘের শরণার্থী কার্ড নিয়ে সেখানেই থেকে যান।

দীর্ঘদিন ধরে আড়ালে থাকা সাবেক এই কূটনীতিককে গত ৯ ফেব্রুয়ারি মালয়েশিয়ার আমপাং, সেলাঙ্গর এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে গ্রেপ্তার করে সে দেশের পুলিশ।

পরদিন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জাইনুদিনের বরাতে দেশটির ইংরেজি দৈনিক দ্য স্টার জানান, একটি অভিযোগ থাকায় খায়রুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে ‘তার দেশের একটি অনুরোধ রয়েছে’।

Image
এম খায়রুজ্জামান

এম খায়রুজ্জামান

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ওইদিন সাংবাদিকদের বলেন, অভিবাসন আইন ভাঙায় খায়রুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। মালয়েশিয়ায় কোনো প্রবাসীর এমন অপরাধ পেলে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

খায়রুজ্জামানকে গ্রেপ্তারের দিন তাকে মুক্তি দিতে মালয়েশিয়ার সরকারকে আইনি নোটিস পাঠান তার স্ত্রী রিটা রহমানের নিয়োগ করা আইনজীবী।

তাতে সাড়া না পেয়ে তারা আদালতে যান। সেই আবেদনের শুনানি করে মঙ্গলবার কুয়া লালামপুর হাই কোর্ট খায়রুজ্জামানকে ঢাকায় ফেরত পাঠানোর ওপর অন্তর্বতী নিষেধাজ্ঞা দেয়।

আদালতের স্থগিতাদেশ আসার পর মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার সাংবাদিকদের বলেছিলেন, তাকে গ্রেপ্তার ও ফেরত পাঠানোর সিদ্ধান্ত যেহেতু মালয়েশিয়া সরকারের, সেহেতু আইনি লড়াই সে দেশের সরকারই চালাবে।

বুধবার তার মুক্তির পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও আইনি লড়াইয়ে যাওয়ার ইঙ্গিত দেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

তিনি বলেন, “আমরা আমাদের ক্রিমিনাল যারা তাদেরকে স্বদেশে এনে আইনের আওতায় আনার চেষ্টা করি। অনেকে লুকিয়ে থাকে। কিন্তু কারও যদি ঠিকানা বা অবস্থান পাই, আমরা আইনি প্রক্রিয়ার আশ্রয় নিই।”

এ বিষয়ে আইনজীবী নিয়োগ করা হচ্ছে কিনা, এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে বলে আমি জানি না।”

পুরনো খবর

খায়রুজ্জামানকে ছেড়ে দিল মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ  

খায়রুজ্জামানের প্রত্যর্পণে মালয়েশিয়ার আদালতের স্থগিতাদেশ  

খায়রুজ্জামানকে মালয়েশিয়া থেকে দ্রুত ফেরত পাওয়ার আশায় সরকার  

মালয়েশিয়া থেকে খায়রুজ্জামানের প্রত্যর্পণ ঠেকাতে তৎপর স্ত্রী  

মালয়েশিয়ায় খায়রুজ্জামান গ্রেপ্তার ‘বাংলাদেশের অনুরোধেই’  

খায়রুজ্জামান: জেল হত্যা মামলা পুনরুজ্জীবিত হবে কিনা, ভাববে সরকার  

আওয়ামী লীগ বাদে সব সরকারের পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন খায়রুজ্জামান