ভূমধ্যসাগরে ঠাণ্ডায় মৃত্যু: একজনের মরদেহ এল দেশে
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে ঠাণ্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ দেশে পৌঁছেছে।
শুক্রবার মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হাওলাদারের মরদেহ ঢাকা পৌঁছার কথা জানিয়েছে ইতালিতে বাংলাদেশ দূতাবাস।
অন্য ছয়জনের মরদেহও পর্যায়ক্রমে দেশে ফেরত পাঠানোর কথা জানিয়েছে দূতাবাস।
দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তত্ত্বাবধানে স্থাপিত প্রবাসী কল্যাণ ডেস্ক ইমরানের মরদেহ গ্রহণ করে। পরে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
পরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অ্যাম্বুলেন্সেই বাড়ির পথে শেষ যাত্রা করেন ভাগ্যাহত এই বাংলাদেশি।
বাংলাদেশিদের বহনকারী নৌকাটি লিবিয়া থেকে যাত্রা করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গত ২৫ জানুয়ারি ল্যাম্পেডুসা দ্বীপে পৌঁছানোর সময় অতিরিক্ত ঠাণ্ডায় অভিবাসনপ্রত্যাশী সাত বাংলাদেশির মৃত্যু হয়।
পরে ইতালিতে বাংলাদেশ দূতাবাসের প্রকাশিত পরিচয়ে দেখা যায়, মারা যাওয়া সাতজনের পাঁচজনই মাদারীপুর জেলার।
ইমরানের সঙ্গে ওই সময় নির্মম পরিণতি হয় মাদারীপুর সদর উপজেলার পিয়ারপুর গ্রামের জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল ও সদর উপজেলার বাপ্পী, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাজ্জাদ এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাইফুলের।
ইতালির উপকূলরক্ষীরা ওইদিন রাতে নৌকাটিকে ল্যাম্পেডুসার কাছে ল্যাম্পোনি উপকূলের ২৯ কিলোমিটার দূরে দেখতে পান।
ল্যাম্পেডুসা দ্বীপের মেয়র সালভাতোরে মার্তেল্লো বলেছিলেন, ওই নৌকায় মোট ২৮০ জন ছিলেন, তাদের বেশিরভাগই বাংলাদেশ এবং মিশর থেকে আসা।
কিন্তু মারা যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের সঙ্গে কোনো ধরনের ভ্রমণের কাগজপত্র না থাকায় তাদের পরিচয় শনাক্ত করতে জটিলতা তৈরি হয়।
ইতালি কর্তৃপক্ষের কাছ থেকে তাদের পরিচয় জানতে না পেরে এরফানুল হকসহ বাংলাদেশ দূতাবাসের দুই কর্মকর্তা ল্যাম্পেডুসা দ্বীপের হটস্পট ক্যাম্পে যান।
স্থানীয় পুলিশের উপস্থিতিতে উদ্ধার পাওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন তারা।
উদ্ধার পাওয়া ব্যক্তিরা তাদের জানান, একজন ছাড়া বাকি সবারই পরিচিত কেউ না কেউ আছে বেঁচে যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে। সেই হিসেবে মৃতদের পরিবার খবর পেয়ে যাওয়ার কথা।
ইতালি হাজারো অভিবাসনপ্রত্যাশী এবং আশ্রয়প্রার্থীদের ইউরোপে ঢোকার একটি প্রধান পথ। গত কয়েক মাসে এ পথে নৌকায় করে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা বেড়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, এ বছর ২৪ জানুয়াররি পর্যন্ত দেশটির বন্দরগুলোতে পৌঁছেছে এক হাজার ৭৫১ জন অভিবাসনপ্রত্যাশী।
