পথচারীবান্ধব শহর ‘উপহার পাবে’ ঢাকাবাসী: তাপস
যেখানে সম্ভব হচ্ছে সেখানেই হাঁটার পথ তৈরি করে একটি পথচারীবান্ধব শহর উপহার দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
বুধবার নগরীর আগা সাদেক সড়ক ও আবুল হাসনাত সড়কে জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, “আমরা যখন যে সড়কে হাত দেই, সেখানে কোনো সড়কের ওপর কোনো ভবনের র্যাম্প, সিঁড়ি পাওয়া গেলে আমরা সেগুলো অপসারণ করি। আমরা চাই, মানুষ ঢাকা শহরে স্বাচ্ছন্দে হেঁটে চলবে।
“আমরা যেখানেই ২০ ফুটের ঊর্ধ্বে প্রশস্ত সড়ক পাব, সেখানে ২০ ফুট যাতায়াতের জন্য রেখে বাকিটা আমরা হাঁটার পথ করার নির্দেশনা দিয়েছি। এটা আমাদের মহাপরিকল্পনার আওতায় আছে।”
এখনও ঢাকা শহরের ৪০ শতাংশ মানুষ হেঁটে পথ চলে জানিয়ে তিনি বলেন, “তারা যেন স্বাচ্ছন্দে পথ চলে, পথচারীবান্ধব একটি শহর পেতে পারি, সেলক্ষ্যেই আমরা আমাদের কার্যক্রম হাতে নিয়েছি।
“যেখানে যেখানে সুযোগ রয়েছে, সেখানেই হাঁটার পথ সৃষ্টি করার মাধ্যমে আমরা পথচারীবান্ধব একটি শহর ঢাকাবাসীকে উপহার দিতে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।”
জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের ফলে এ বছর ঢাকাবাসী গতবারের চাইতে বেশি সুফল পাবে জানিয়ে তাপস বলেন, “গত বছরই আমরা জলাবদ্ধতা সৃষ্টি হয় এরকম শতাধিক জায়গা চিহ্নিত করেছি। সেগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি।”
সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে সে কাজ করা হচ্ছে এবং তারই অংশ হিসেবে আগা সাদেক ও আবুল হাসনাত সড়কের কাজ পরিদর্শনে গেছেন জানিয়ে ওই এলাকায় জলবদ্ধতা থাকবে না বলে আশা করেন তাপস।
এসময় নর্দমা এবং খালে ‘সোক ওয়েল’ এবং ‘সেপটিক ট্যাংক’ এর সংযোগ রাখা হলে খালগুলো দূষণমুক্ত রাখা সম্ভব হবে কী না মেয়রের কাছে জানতে চান সাংবাদিকরা।
এ বিষয়ে এক বছর আগে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “নতুন যে সকল ভবন ও স্থাপনা হবে। সেখানে যত মানুষ বাস করবে সেই হিসেবটা করে তাদের নির্দিষ্ট সেফটিক ট্যাংক এবং সোক ওয়েল থাকতে হবে।
এর সঙ্গে কিছু আইনি প্রয়োজনীয়তার উল্লেখ করে মেয়র বলেন, “আইনে ইমারত নির্মাণ এবং পুনর্নিমাণ বিষয়াদি আমাদের নির্দিষ্ট কার্যাবলীর মধ্যে থাকলেও বিগত ৫০ বছরের ইতিহাসে সেই কাজটি সিটি করপোরেশনকে করতে দেওয়া হয়নি।
“আমরা এখন প্রবিধান করে তা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। তারা সেটা পর্যালোচনা করছে। আমরা আশাবাদী, সেটা এ মাসের মধ্যেই হয়ে যাবে। হয়ে গেলে আমরা সেটা বাস্তবায়নে যাব এবং আমরা নিজেরাই সেটা নির্ধারণ করব।
“নতুন করে যেসব আবাসান হবে, সেখানে অবশ্যই অবশ্যই সেপটিক ট্যাংক, সোক ওয়েল থাকতে হবে এবং পুরাতন যে ভবনগুলো আছে, সেগুলোতেও পর্যায়ক্রমে যেন তারা সেই কার্যক্রমটা করে, সে বিষয়গুলো খেয়াল করব।”
মেয়রের সঙ্গে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন।
