বাংলাদেশে ভারতীয় রুপি জাল করার চক্রে পাকিস্তানি যোগ: ডিবি
ভারতীয় রুপি জাল করায় ‘জড়িত’ চারজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ বলছে, এদের সঙ্গে পাকিস্তানি চক্রের যোগসাজশ রয়েছে।
যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের একজনের ভাই পাকিস্তানে থাকেন বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা।
তাদের ভাষ্য, পাকিস্তানের করাচি বন্দর থেকে শ্রীলঙ্কা হয়ে চট্টগ্রাম বন্দরে কনটেইনারের মাধ্যমে আনা হত জাল রুপি। পরে পাচার করা হত।
সোমবার ও মঙ্গলবার ঢাকার ডেমরা ও হাজারীবাগ এলাকা থেকে আমানুল্লাহ ভূঁইয়া (৫২), কাজল রেখা (৩৭), ইয়াসিন আরাফাত কেরামত (৩৩) ও নোমানুর রহমান খান (৩১) নামে চারজনকে গ্রেপ্তারের পর বুধবার সংবাদ সম্মেলনে আসেন ডিবি কর্মকর্তারা।
গ্রেপ্তার আমানুল্লাহ সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাড়িচালক। কাজলরেখা তার দ্বিতীয় স্ত্রী। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৫ লাখ ভারতীয় রুপির জাল নোট এবং মোবাইল ফোন জব্দ করা হয়।
পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের বাসিন্দা নোমানের ভাই ফজলুর রহমান পাকিস্তানে থাকেন বলে জানান ঢাকা মহানগর ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
নোমান পুলিশকে বলেছেন, পাকিস্তানে থা্কা তার ভাই ফজলুর রহমান ওরফে ফরিদ বিভিন্ন সময়ে পাকিস্তান থেকে আকাশ ও সমুদ্রপথে বিভিন্ন পণ্য সামগ্রী ও ভারতীয় জাল রুপির নোট (৫০০/১০০০) বিভিন্ন ব্যক্তির মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে আসছেন।
গত বছরের নভেম্বর মাসে সাইদুর রহমান, তালেব ও ফাতেমা আক্তার নামে তিনজনকে ৭ কোটি ৩৫ লাখ জাল ভারতীয় রুপিসহ গ্রেপ্তার করা হয়।
তখন খিলক্ষেত থানায় একটি মামলা হয়। সেই মামলার তদন্তের দায়িত্ব পায় ডিবি।
তদন্ত করতে গিয়েই নোমানের সন্ধান পান ডিবি কর্মকর্তারা। সোমবার নাজিমুদ্দিন রোড থেকে নোমানকে গ্রেপ্তারের পর মঙ্গলবার হাজারীবাগের মনেশ্বর রোড থেকে ইয়াসির আরাফাত ও আমানকে গ্রেপ্তার করা হয়।
ডিবি কর্মকর্তা হাফিজ বলেন, “গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে পাকিস্তান থেকে আন্তর্জাতিক চক্রের মাধ্যমে ভারতীয় জাল রুপির ‘সুপার’ নোট (৫০০/১০০০) কৌশলে সংগ্রহ করে বিভিন্ন পণ্যের ভিতর, ব্যক্তি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এলাকা দিয়ে পাচার করে আসছিল।”
তিনি বলেন, “জাল রুপি পাচারকারী এ চক্রের কেন্দ্রে আছে মূলত দুইটি পরিবার। মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন একটি পরিবার (নোমানের পরিবার)। এই পরিবারের অধিকাংশ সদস্য একসময় পাকিস্তানের অবস্থান করত। বর্তমানে এই পরিবারের জ্যেষ্ঠ সদস্য ফজলুর রহমান পাকিস্তানের করাচিতে অবস্থান করছে।
“সে পাকিস্তানকেন্দ্রিক মাফিয়াদের কাছ থেকে উন্নত মানের জাল রুপি সংগ্রহ করে কখনো শুঁটকি মাছ, কখনও মোজাইক পাথর ও অন্যান্য নির্মাণ সামগ্রীর বস্তার মধ্যে করে সমুদ্রপথে বাংলাদেশ পাঠায়। এ কাজে তাকে সহযোগিতা করতো তার ভাই সাইদুর রহমান রহমান, নোমানুর রহমান এবং ভগ্নিপতি শফিকুর রহমান।”
অনুসন্ধানে জাল রুপি চোরাচালানে বৈধ পণ্যের আমদানিকারকদের সংশ্লিষ্টতাও পেয়েছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা হাফিজ।
তিনি বলেন, “ইম্পোর্টারদের সাথে মিলে পাকিস্তানের করাচি বন্দর থেকে শ্রীলঙ্কা হয়ে চট্টগ্রাম বন্দরে কনটেইনারের মাধ্যমে আনা হত। পরবর্তীতে সেই জাল রুপি খালাস করে গোডাউনে মজুদ করা, বিভিন্ন মাধ্যমে তা ডিলারদের মধ্যে ভাগ করা এবং জাল রুপি বিক্রি করে পাওয়া অর্থ বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করে পরবর্তীতে হুন্ডিতে করে পাকিস্তানের পাচার করত।"
এই ‘আন্তর্জাতিক চক্রে’ জড়িত কয়েকজন পাকিস্তানি নাগরিকের নাম পেয়েছেন বলে জানান বাংলাদেশি গোয়েন্দা কর্মকর্তা হাফিজ। তিনি বলেন, তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জব্দ হওয়া জাল নোটগুলোকে কেন ‘সুপার’ জালনোট বলা হচ্ছে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই নোটগুলো মূলত ভারত থেকে আসেনি। নোটগুলো এসেছে পাকিস্তান থেকে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি, এগুলো এতটাই সূক্ষ্মতার সঙ্গে তৈরি করা হয়েছে যে আসল নোটের প্রায় কাছাকাছি। তাই এগুলোকে ‘সুপার’ জালনোট বলা হচ্ছে।”
ভারতীয় জাল রুপিসহ অন্য কোনো বিদেশি মুদ্রা পাচারের রুট যেন বাংলাদেশ না হয়, সেজন্য গোয়েন্দা পুলিশ সচেষ্ট আছে বলে জানান হাফিজ।
জাল রুপি পাচারে শুধু রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জকেই রুট হিসেবে ব্যবহার করা হয়, নাকি আরও রুট আছে-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন পর্যন্ত তদন্তে আমরা এই রুটেরই সন্ধান পেয়েছি।”
এই জাল নোট চক্রের সঙ্গে জঙ্গিদের কোনো সংশ্লিষ্টতা ডিবির তদন্তে পাওয়া গেছে কি না- এ প্রশ্নের জবাবে হাফিজ বলেন, “এদের কোনো জঙ্গি সংশ্লিষ্টতা আমরা পাইনি। এরা জাল নোটের বিনিময়ে (ভারত থেকে) অস্ত্র-মাদক ও চোরাই মোবাইল দেশে নিয়ে আসত।”
