প্রতিরক্ষাসহ ৩ মন্ত্রণালয়ে সচিব পদে নতুন মুখ
প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সচিব পদে রদবদল করেছে সরকার।
তাছাড়া সিনিয়র সচিব হিসেবে একজন এবং দুইজন সচিব হিসেবে পেয়েছেন পদোন্নতি।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন প্রতিরক্ষা সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হাসিবুল আলম।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) মো. কামাল হোসেনকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
আর কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আনা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আবু হেনা মোস্তফা কামাল ৭ ফেব্রুয়ারি অবসরে গেছেন।
আরেক আদেশে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসানকে একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
অন্য আদেশে দুজন অতিরিক্ত সচিবকে সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম ফজলুল হককে সচিব পদে পদোন্নতির পর পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।
এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন পদোন্নতির পর মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) হিসেবে নিয়োগ পেয়েছেন।
