মুগদায় এক ব্যক্তির লাশ উদ্ধার
রাজধানীর মুগদা এলাকায় একটি ঘর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মুগদা থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, সোমবার রাতে শেখ মো. দাউদুল ইসলাম নামের ৩৭ বছর বয়সী ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।
দাউদুল ও এক নারী স্বামী-স্ত্রীর পরিচয়ে দুই দিন আগে ওই এলাকার মিণ্টু মিয়ার একটি টিনশেড ঘর ভাড়া নেয়। সোমবার রাতে পুলিশ খবর পেয়ে গিয়ে দাউদুলের মৃতদেহ উদ্ধার করে।”
ওসি বলেন, দাউদুলের নাক দিয়ে রক্ত ঝরার চিহ্ন আছে। তবে বাহ্যিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।
“বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
যে নারীকে স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে দাউদুল ওই বাসা ভাড়া নিয়েছিলেন, তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ওই নারী ‘মানসিক সমস্যায় ভুগছেন’ বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তারা।
