২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্চ কমিটির নিরপেক্ষতা নিয়ে সংশয়ে সুজন

ইসি গঠনে নাম সুপারিশের জন্য রাষ্ট্রপতির গঠন করা সার্চ কমিটি কতটা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2022, 10:10 PM

Updated : 28 Apr 2022, 11:36 PM

বেসরকারি সংস্থাটির ভাষ্য, সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। অন্যদিকে সার্চ কমিটির নেতৃত্বে থাকা বিচারপতি ওবায়দুল হাসান আগের সার্চ কমিটির সদস্য ছিলেন। সেই সার্চ কমিটির সুপারিশে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান কমিশন গঠিত হয়, যা সুজনের ভাষায় ‘বিতর্কিত’ একটি কমিশন।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুজন বলছে, এই কমিটি কতোটা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে, তা নিয়ে ‘সংশয় প্রকাশ করার কারণ রয়েছে’।

শনিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। এই কমিটির সুপারিশ করা ব্যক্তিদের ভেতর থেকে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি।

কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্টের বিচারপতি এসএম কুদ্দুস জামান, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

২০১৭ সালের সার্চ কমিটিতে হাই কোর্ট বিভাগের বিচারক হিসেবে সদস্য ছিলেন ওবায়দুল হাসান, যিনি এবার সার্চ কমিটির নেতৃত্ব দিচ্ছেন।

আর একাদশ সংসদ নির্বাচনের সময় ছহুল হোসাইনের নামে সিলেট-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তার সমর্থকরা।

সার্চ কমিটিতে স্থান পাওয়ার পর নিরপেক্ষতা নিয়ে অনেকে প্রশ্ন তোলায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এ নির্বাচন কমিশনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ছহুল হোসাইন বলেন, “আমাদের দেশে যাকে বের করে (সার্চ কমিটিতে), তাকে নিয়েই সমালোচনা হয়; যেমন আমাকে নিয়ে। আওয়ামী লীগ (আমাকে) একবার ইলেকশন করার জন্যে চেয়েছিল। তাতেই কি আমার সারাজীনের আদর্শ নষ্ট হয়ে গেছে? নাকি আওয়ামী লীগের এমপি, মিনিস্টার হলে পরে আমার আর্দশ থেকে বিচ্যুত হয়ে যাব?... আমি তো নীতির মধ্যে থাকি। ইনশাআল্লাহ সার্চ কমিটিতেও গ্রহণযোগ্য কাজ করব।”

বিজ্ঞপ্তিতে সুজন বলেছে, “অতীতে বিভিন্ন অনুসন্ধান কমিটির সভাপতি ও সদস্য ছিলেন এমন কয়েকজন ব্যক্তির পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকার ও মন্তব্য থেকে আমরা জেনেছি যে, অনুসন্ধান কমিটি সাধারণত সরকারের চাহিদামত ব্যক্তিদের নামই বিভিন্ন সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করে। আমরা মনে করি যে, এ ধরনের লোক দেখানো ভূমিকা পালন হবে ‘অনুসন্ধান কমিটি’র নাম এবং এর কাঙ্ক্ষিত ভূমিকার সঙ্গে সম্পূর্ণরূপে অসঙ্গতিপূর্ণ।

“অতীতের ন্যায় অস্বচ্ছ পদ্ধতিতে, লোক দেখানো অনুসন্ধানের নামে, আবারও সরকারের অনুগত কয়েকজন ব্যক্তিকে নির্বাচন কমিশনে নিয়োগ প্রদান করা হলে, তা জাতির জন্য মহাবিপদ ডেকে আনবে বলে আমাদের আশঙ্কা।”

সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে যে ১০ জনের নামের তালিকা দেবে তা প্রকাশ করার আহ্বান জানিয়ে শনিবার সংবাদ বিজ্ঞপ্তি দেয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই দাবি জানিয়েছে সুজনও।

সার্চ কমিটির উদ্দেশে সংস্থাটি বলেছে, “আইনের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণের স্বার্থে আমরা অনুসন্ধান কমিটিকে নির্বাচন কমিশনে নিয়োগের জন্য প্রাথমিকভাবে বাছাই করা ব্যক্তিদের নাম প্রকাশের এবং তাদের সম্পর্কে গণশুনানি করার অনুরোধ জানাচ্ছি। একইসঙ্গে আমরা অনুসন্ধান কমিটিকে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা চূড়ান্ত নামের তালিকার সঙ্গে একটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে প্রেরণের কয়েকদিন পূর্বেই গণবিজ্ঞপ্তির আকারে প্রকাশের অনুরোধ জানাচ্ছি।”

নির্বাচন কমিশনের মত একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের অনেক গুরত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব পালন করতে হয়- সে কথা তুলে ধরে সুজন বলেছে, “এর জন্য প্রয়োজন সততা, নিরপেক্ষতা, সাহসিকতা ও প্রজ্ঞার মতো আরও বড় বা ‘সুরিরিয়র’ যোগ্যতা। স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সত্যিকারের অনুসন্ধানের মাধ্যমেই এসব ব্যক্তিদের খুঁজে বের করা সম্ভব। জাতির বৃহত্তর স্বার্থে এই কাজটি যথাযথভাবে করার জন্য আমরা অনুসন্ধান কমিটির প্রতি আহ্বান জানাচ্ছি।”