জলাবদ্ধতা ঠেকাতে ১৫ মার্চের মধ্যে ড্রেন পরিষ্কারের নির্দেশ ডিএনসিসি মেয়রের
সামনের বর্ষা মৌসুমে বাসিন্দাদের জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে আগামী ১৫ মার্চের মধ্যে ডিএনসিসি এলাকার সব ড্রেন পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।
সোমবার সকালে গুলশানে ডিএনসিসির নগর ভবনে জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত সভায় কর্মকর্তাদের এ নির্দেশ দেন মেয়র।
সভাপতির বক্তব্যে আতিক বলেন, “ডিএনসিসির ১০টি অঞ্চলের জন্য ১০টি র্যাপিড অ্যাকশন টিম গঠন করা হবে।
“এই টিমের সদস্যরা অঞ্চলভিত্তিক সমস্যা সমাধানে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।”
ডিএনসিসির আওতাধীন খাল উদ্ধারে ৪২টি ডেড স্পট চিহ্নিত করা জানিয়ে মেয়র বলেন, “এসব জায়গায় খালগুলোর দখলদারদের উচ্ছেদ করা হবে। খালগুলো উদ্ধারের পর পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চালু থাকবে। নগরীর জলাবদ্ধতা ও দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন কাজ করছে।”
সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো.মোজাম্মেল হকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
