মুরাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ তদন্তের নির্দেশ
পদ হারানো তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে স্ত্রী ডা. জাহানারা এহসানের করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
রোববার ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদ এ আদেশ দেন।
ধানমণ্ডি থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার (নন-জিআরও) কর্মকর্তা উপ পরিদর্শক ফুয়াদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার জিডিটি তদন্তের অনুমতির জন্য মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠান তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি থানার উপ পরিদর্শক রাজিব হাসান।
গত বৃহস্পতিবার জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান বিতর্কের মধ্যে পদ হারানো ডা. মুরাদের স্ত্রী জাহানারা এহসান, যিনি নিজেও একজন চিকিৎসক।
তার ফোনের পর ধানমণ্ডি থানা পুলিশ তাদের বাসায় যায়; তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মুরাদ বাসা থেকে বেরিয়ে যান।
সেদিন বিকেলে স্বামীর বিরুদ্ধে ধানমণ্ডি থানায় জিডি করেন জাহানারা। জিডিতে তার অভিযোগ, ‘মানসিক নির্যাতনের পাশাপাশি তাকে হত্যার হুমকিও’ দিচ্ছিলেন তার স্বামী।
এদিকে মুরাদ ও জাহানারা গত শনিবার ধানমণ্ডি থানায় অস্ত্র জমা দিয়েছেন।
রোববার ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুরাদের বিরুদ্ধে তার স্ত্রী জাহানারা নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগে একটি জিডি করেছেন, তাই তার নিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।
“এরই অংশ হিসেবে মুরাদের নামে একটি পিস্তল ও একটি শটগান আর তার স্ত্রীর নামে একটি শটগান জমা নেওয়া হয়েছে ।“
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. সাজ্জাদ হোসাইন জানান, পরিবারের পক্ষ থেকে অস্ত্র তিনটি থানায় জমা দিয়ে গেছে।
মুরাদের স্ত্রীর জিডির তদন্তের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, “ওই জিডি তদন্তের জন্য আদালতের অনুমতি চেয়েছি। অনুমতি পেলে তদন্ত করব।”
এক প্রশ্নের জবাবে ইকরাম বলেন, “মুরাদ হাসান বর্তমানে ধানমণ্ডির ওই বাসায় থাকছেন না। সেখানে স্ত্রী, তাদের সন্তান ও কর্মচারীরা থাকছেন।”
এক চিত্রনায়িকাকে টেলিফোনে হুমকি আর অশালীন বক্তব্যের ভিডিও ফাঁস হলে গত ডিসেম্বরে প্রতিমন্ত্রীর পদ হারাতে হয় মুরাদ হাসানকে।
জামালপুর আওয়ামী লীগের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয় স্থানীয় এই এমপিকে।
এরপর গত ৯ ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশে দেশ ছাড়েন তিনি। তবে কানাডায় ঢুকতে না পেরে দুদিন পর তাকে দেশে ফিরতে হয়। এরপর থেকে মুরাদ লোকচক্ষুর আড়ালে রয়েছেন।
আরও পড়ুন:
