২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

গুজব রুখতে আইন চায় সংসদীয় কমিটি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘গুজব ও অসত্য সংবাদ’ প্রতিরোধে আইন করার সুপারিশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2022, 11:45 PM

Updated : 02 Aug 2022, 02:28 PM

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিদের কমিটির আগামী বৈঠকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউটের কার্যক্রম সম্পর্কে একটি প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউটের সার্বিক কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে একটি সুপারিশ আগামী দুই মাসের মধ্যে সংসদীয় স্থায়ী কমিটিতে উপস্থাপনের জন্য তিন সদস্যের একটি উপ-কমিটিও গঠন করা হয়।

এছাড়া বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্বলিত তথ্যগুলো ডিজিটাল ফরমেটে সরকারের কেন্দ্রীয় ডেটা সেন্টারে সংরক্ষণ করার এবং প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের কাছে সংরক্ষিত বইগুলো সামজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ, কাজী কেরামত আলী, সিমিন হোসেন (রিমি), সাইমুম সরওয়ার কমল ও মমতা হেনা লাভলী অংশ নেন।