লঞ্চে আগুন লেগে প্রাণহানিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুন লেগে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তাদের দপ্তর থেকে জানানো হয়েছে, রাষ্ট্র ও সরকারপ্রধান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে বৃহস্পতিবার রাত ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস প্রায় তিন ঘন্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে।
শেষ খবর পাওয়া পর্যন্ত লঞ্চ ও নদী থেকে ৩৭ জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। আরও ৭২ জনকে আহত ও দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
