জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেল ১৫ সংগঠন
দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়া ১৫ সংগঠনের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরের ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’।
সোমবার বেলা ৩টায় সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মাঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের পঞ্চম আসরের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা ও সিআরআইয়ের চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়ের ধারণ করা বক্তব্য দেখানো হয় অনুষ্ঠানে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সিআরআইয়ের ট্রাস্ট্রি রাদওয়ান মুজিব সিদ্দিক।
আজকের তরুণদের নেওয়া উদ্যোগই বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশে পৌঁছে দেবে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুব সমাজের মেধা ও জ্ঞানের বিকাশের পাশাপাশি তাদের কাজের স্বীকৃতি দিতে সব সময় পাশে থাকবেন তিনি।
সজীব ওয়াজেদ জয় বলেন, যারা এ দেশের মানুষের জন্য নিজেদের সময়, শ্রম, মেধা ও অর্থ ব্যয় করে যাচ্ছেন, তাদের মধ্যে দিয়েই এগিয়ে যাচ্ছে সোনার বাংলার স্বপ্ন।
সারা দেশ থেকে বাছাই করা তরুণ উদ্যোক্তা ও সংগঠনগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়ার পর রাদওয়ান মুজিব সিদ্দিক তার বক্তব্যে বলেন, রাজনীতি, ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রেই তরুণ সমাজকে দায়িত্ব দেওয়া এবং তাদের সামনে নিয়ে আসার ‘সময় এসেছে’।
গত ২৫ সেপ্টেম্বর থেকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য আবেদন আহ্বান করা হয়, যা ৩১ অক্টোবর পর্যন্ত চলে। এ সময় ৭০০টির বেশি সংগঠন দেশ গঠনে তাদের গ্রহণ করা বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে আবেদন করে।
বিগত মাস জুড়ে এই আবেদনগুলো যাচাই বাছাই শেষে মূল পর্বের জন্য মনোনীত করা হয় তরুণদের ৩১ সংগঠনকে। তাদের মধ্যে ১৫ সংগঠনের হাতে উঠল এবারের ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’।
জলবায়ু পরিবর্তন ও উদ্ভাবন শাহানা আফরিন দিনা (স্টেপ এহেড): ২০১৮ সালে প্রতিষ্ঠিত ‘স্টেপ এহেড’ উপকূলীয় অঞ্চলের প্রান্তিক কিশোরী-তরুণী ও নারীদের নিয়ে কাজ করে। মোহাম্মদ শামস জাব্বার (টেক একাডেমি): ২০১৩ সালে প্রতিষ্ঠিত টেক একাডেমির লক্ষ্য হল গেমিংয়ের মাধ্যমে শিক্ষামূলক তথ্য ছড়িয়ে দেয়া। সানজিদুল আলম সেবন শান (ইকোভেশন বাংলাদেশ): ২০১৫ সালে প্রতিষ্ঠিত ইকোভেশন বাংলাদেশ একটি গবেষণা ও উদ্ভাবন-ভিত্তিক সামাজিক উদ্যোগ। সংস্কৃতি ও যোগাযোগ ইউসুফ ইবনে ইয়াকুব (রিফ্লেক্টিভ টিনস): ২০১৩ সালে আত্মপ্রকাশ করে রিফ্লেক্টিভ টিনস। উদীয়মান তরুণদের সৃজনশীলতার বিকাশের জন্য কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠান। রাতুল দেব (জেন ল্যাব): তিনটি বিষয়কে সামনে নিয়ে ২০১৫ সাল থেকে কাজ করে যাচ্ছে জেনল্যাব। মূলত শান্তি প্রতিষ্ঠা ও সমাজের বৈচিত্র্য নিয়ে কাজ করা এ সংগঠনটি এখন পর্যন্ত ৩ লাখ মানুষের কাছ ধর্ম ও সাম্প্রদায়িক শান্তির কথা প্রচার করে যাচ্ছে তাদের পরামর্শ কার্যক্রমের মাধ্যমে। গিরিধর দে (বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র): 'বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র' ২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশের ইতিহাসের বিকৃতি রোধে ঐতিহাসিক দলিলাদি সংগ্রহ করে আসছে। সামাজিক উন্নয়ন রিগান কুমার কানু (বাংলাদেশ চা সম্প্রদায় ছাত্র যুব পরিষদ): ২০১৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ চা সম্প্রদায় ছাত্র যুব পরিষদ চা শ্রমিকদের মধ্যে নানা সচেতনতামূলক প্রচার চালিয়ে থাকে। মো. নুরুল আলম (মেধাবী কল্যাণ সংস্থা-এমকেএস): ২০১২ সালে প্রতিষ্ঠিত মেধাবী কল্যাণ সংস্থা (এমকেএস) আর্থিক কারণে পড়াশোনা বঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা দেয়।
|
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ফাইরুজ ফাইজাহ বেথার (মনের স্কুল): তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার লক্ষ্যে ২০১৮ সালে প্রতিষ্ঠা হয় মনের স্কুল। এ সংগঠনটির পক্ষ থেকে তরুণদের মানসিক স্বাস্থ্য রক্ষায় কাউন্সেলিং করা হয়। লামিয়া তানজিন তানহা (ট্রান্সএন্ড): তরুণদের পরিচালিত অলাভজনক সংগঠন ট্রান্সএন্ড ২০১৮ সাল থেকে তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের জীবনমানের উন্নয়ন এবং লিঙ্গ বৈষম্য কমানোর লক্ষ্যে কাজ করছে। শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্য, ক্ষমতায়ন ও উদ্যোক্তা তৈরির জন্য কাজ করে সংগঠনটি। মাশরুর ইশরাক (থার্ড আই): 'শেয়ার দ্য রেসপনসিবলিটি' স্লোগান নিয়ে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় থার্ড আই। দৃষ্টিশক্তিহীন শিক্ষার্থীদের নিয়ে সেচ্ছাসেবী এই সংগঠনের মূল কার্যক্রম। দক্ষতা ও কর্মসংস্থান অমিয় প্রপান চক্রবর্তী (ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশন-DYDF): ২০০০ সালে প্রতিষ্ঠিত ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশন (DYDF) গত ২১ বছর ধরে দেশে যুব ক্ষমতায়ন ও উন্নয়নে কাজ করছে। এসরাত করিম (অমল ফাউন্ডেশন): ২০১৪ সালে প্রতিষ্ঠিত অমল ফাউন্ডেশন দেশের চরাঞ্চলে জীবিকা, স্বাস্থ্য সেবা ও শিক্ষার প্রসারে কাজ করছে। আবু হাসান (জয়তা পলি) (দিনের আলো হিজরা উন্নয়ন মহিলা সংস্থা): ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের উন্নয়নে দিনের আলো হিজরা উন্নয়ন মহিলা সংস্থা ২০০২ সালে প্রতিষ্ঠা করা হয়। শিরিন আক্তার আশা (আসমানী যুব নারী ফাউন্ডেশন): কিশোরী ও তরুণীদের জন্য ২০১৬ সালে প্রতিষ্ঠা করা হয় আসমানী যুব নারী ফাউন্ডেশন। প্রতিষ্ঠাতা নিজে বাল্যবিবাহ থেকে বেঁচে যাবার পর এই সংগঠন তৈরি করে ২৯৪টি বাল্যবিবাহ বন্ধ করেছে। বিশেষ সম্মাননা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মুফিদুল ইসলাম, মঙ্গল শোভাযাত্রার আয়োজক এবং জীব-বৈচিত্র সংরক্ষণ নিয়ে কাজ করা এলিজাবেথ ফারনি মনসুর ও রুবাইয়াত মনসুরকে বিশেষ সন্মাননা দেওয়া হয় এ বছর। |
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমন্ত্রিত ১৬০ জন অতিথির বসার জন্য প্রতিটি চেয়ারে আড়াই ফুট দূরত্ব রাখা হয়।
অনুষ্ঠানে প্রবেশের আগে আমন্ত্রিতদের করোনাভাইরাসের পরীক্ষা করা হয়। এছাড়া মাস্ক পরাও বাধ্যতামূলক করা ছিল।
