২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালকদের মানসম্পন্ন হেলমেট ব্যবহারের পরামর্শ আইজিপির

মোটর সাইকেল এবং সাইকেল চালকদের মানসম্পন্ন হেলমেট ছাড়া রাস্তায় বের না হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2021, 01:53 AM

Updated : 02 Aug 2022, 06:41 PM

বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে ব্র্যাক আয়োজিত বাংলাদেশে ইউএন স্ট্যান্ডার্ড হেলমেট চালুকরণ অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন বলে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।

এক পরিসংখ্যান উল্লেখ করে বেনজীর বলেন, “সড়ক দুর্ঘটনার শিকারের ৭০ ভাগই পথচারী। অন্যদিকে, মোটরসাইকেল ভিকটিমদের বেশিরভাগই তরুণ, যাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তারা দেশের উৎপাদনক্ষম জনশক্তি।

“গত ছয় মাসে দেশে ১ হাজার ৪৯৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে মোটর সাইকেলের ৪৭৮টি দুর্ঘটনায় ৩৩৬ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ২৩৯ জনের হেলমেট ছিল। আহত হয়েছেন ৩০৫ জন, এর মধ্যে ২২৪ জনের হেলমেট ছিল না।”

“এটা হল হেলমেট থাকা না থাকার একটা দিক। অন্যদিক হল হেলমেটের কোয়ালিটি। আমাদের দেশে হেলমেটের কোন সার্টিফিকেশন কর্তৃপক্ষ নেই,” বলেন বেনজীর আহমেদ।

তিনি বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন অথবা ইউএস স্ট্যান্ডার্ড হেলমেট আমদানি অথবা দেশে সংযোজনের উপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও তিনি মোটরসাইকেল উৎপাদনকারীদের মোটর সাইকেলের সঙ্গে হেলমেট যুক্ত করে প্যাকেজ মূল্য নির্ধারণের আহ্বান জানান।

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম, বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এবং বিশ্বব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।