শ্যালকের ‘শটগানের গুলিতে’ ভগ্নিপতি নিহত
রাজধানীর মিরপুর দারুসসালাম এলাকায় শ্যালকের ‘শটগানের গুলিতে’ এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার বেলা ১২টার দিকে কোটবাড়ীর একটি বাসায় এ ঘটনার পর শ্যালক অশ্রুকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।
ভগ্নিপতি ফারুক মোল্লা ঘর জামাই হিসাবে থাকতেন এবং তিনি একজন ব্যবসায়ী বলে জানিয়েছেন দারুসসালাম থানার এসআই নাসির উদ্দিন তুহিন।
বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমকে তিনি বলেন, “১৪২/১ এর বাসায় ফারুককে নিজের শটগান দিয়ে গুলি করেন অশ্রু। ঘটনার পরপরই পরিবারের লোকজন ফারুককে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।”
পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
