সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু
মহামারীকালে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হল।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার বিকেল ৪টায় এই অধিবেশন শুরু হয়।
কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকা সংসদ সদস্যরাই অধিবেশনে যোগ দিতে পারবেন। উপস্থিতি ১০০-১২০ জনে সীমাবদ্ধ থাকবে।
অধিবেশনের শেষের দিকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। স্পিকার জানিয়েছেন, ২৪ ও ২৫ নভেম্বর এ আলোচনা হতে পারে, যেখানে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শুরুতে স্পিকার প্রথমে সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন। এবার অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন শামসুল হক টুকু, এবি তাজুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, কাজী ফিরোজ রশীদ, বাসন্তী চাকমা।
স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্যে অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন।
পরে স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করেন।
সাবেক সংসদ সদস্য মিজানুল হক, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ফজলুল হক আসপিয়া, মকবুল হোসেন, আলী ওসমান খান, শেখ সাহিদুর রহমানের মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়।
এছাড়া আওয়ামী লীগের উপদেষ্টমণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বাসেত মজুমদার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক কুলসুম জাহান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ আবু নছর, পীরগঞ্জ আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান রাঙা, একুশে ও স্বাধীনতা পদক প্রাপ্ত বরেণ্য অভিনেতা ইনামুল হক, অভিনেতা মাহমুদ সাজ্জাদ, শিশু সাহিত্যিক ও বর্ষীয়ান সাংবাদিক রফিকুল হক দাদুভাই, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কাজী সামসুল আলম, সংসদ সচিবালয়ের সাবেক যুগ্মসচিব আব্দুস শহীদ, সহকারী সচিব আইউব আলী খানের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
এছাড়া সিয়েরা লিওনরে রাজধানী ফ্রিটাউনে তেলবাহী ট্যাংকার ও লরির সংঘর্ষে বিস্ফোরণে হতাহত, বিভিন্ন দুর্ঘটনায় হতাহত এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশ-বিদেশে যারা মারা গেছেন তাদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
এদিকে স্বাস্থ্যবিধি মেনে চলতে মহামারীকালের অন্য অধিবেশনগুলোর মত এবারও সীমিত সংখ্যক সংসদ সদস্য অংশ নেবেন।
প্রতিদিন নির্দিষ্ট সংখ্যাক আইনপ্রণেতারা সংসদের বৈঠকে বসবেন। তবে বিশেষ আলোচনার দুই দিন কোভিড-১৯ পরীক্ষায় ‘নেগেটিভ’ সকল সংসদ সদস্য অংশ নেবেন।
সাংবাদিকরা এবারও সংসদের বৈঠকের সংবাদ সংগ্রহের জন্য সংসদ ভবনে প্রবেশের অনুমতি পাচ্ছেন না।
অধিবেশনের সব কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে সংবাদ সংগ্রহের অনুরোধ জানিয়েছে সংসদ সচিবালয়।
