মায়ের চিৎকারে ঘুম ভেঙে শিশুটি দেখল, ‘বাবার হাতে ছুরি’
রাজধানীর যাত্রাবাড়ি থেকে এক গৃহবধূর লাশ উদ্ধারের পর পুলিশ বলছে, তাকে তার স্বামী হত্যা করে পালিয়েছে।
নিহত রুপা আক্তার (৩০) বাসা বাড়িতে কাজ করতেন। তার স্বামী আব্দুল জাহের (৪০) দিনমজুর; মাঝে মাঝে রিকশাও চালান।
গোবিন্দপুরের আবু তাহেরের বাড়ি থেকে শনিবার সকালে রুপার লাশ উদ্ধার করা হয় বলে ওয়ারি বিভাগের উপকমিশনার শাহ ইফতেখার আহমেদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তাদের আট বছরের ছেলের কান্নার শব্দে প্রতিবেশীরা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। রুনার বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
‘পারিবারিক বিরোধের জের ধরে’ ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে জাহের হত্যা করে পালিয়েছে বলে পুলিশের ধারণা।
তাদের ছেলের বরাত দিয়ে ডেমরা থানার ওসি মাযহারুল ইসলাম বলেন, “মায়ের চিৎকারে শিশুপুত্রের ঘুম ভেঙ্গে যায়। এসময় সে তার বাবার হাতে ছুরি দেখে। সাত আট বছরের শিশুটি সব দেখেছে বলেছে।
“শিশুটির কথা শুনে মনে হয়েছে, পারিবারিক বিরোধ থেকে এই হত্যার ঘটনা ঘটেছে।”
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
