বিশ্ব মানবতার কল্যাণে শক্তিশালী অংশীদারিত্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মহামারীর ধাক্কা সামলে পৃথিবীর ঘুরে দাঁড়ানোর এই সময়ে বিশ্ব মানবতার কল্যাণে আরও শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা-ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার প্যারিসে এ বিশ্ব সংস্থার সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, “বিশ্ব এখন মহামারী থেকে পুনরুদ্ধারের পথে এগিয়ে চলছে। বিশ্ব নেতাদের আমি অনুরোধ করব, আসুন এই মুহূর্তকে কাজে লাগাই, বিশ্ব মানবতার কল্যাণে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলি।”
ইউনেস্কো মহাপরিচালক আদ্রে আজুলের সভাপতিত্বে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র্যোঁসহ অন্তত ২০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এ অনুষ্ঠানে অংশ নেন।
শেখ হাসিনা বলেন, ইউনেস্কোর অর্জনগুলো উদযাপনের জন্য ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনন্য এক মুহূর্ত। পরবর্তী ২৫ বছরে ইউনেস্কোকে শতবর্ষের পথে এগিয়ে নেওয়ার জন্য এ সংস্থার কার্যক্রমগুলো গভীরভাবে বিশ্লেষণ করাও গুরুত্বপূর্ণ।
“এ অনুষ্ঠানটি বাংলাদেশের জন্যও তাৎপর্যপূর্ণ, কারণ আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে।”
মহামারীর বিপদ যে মানুষের প্রাণ কেড়ে নেওয়ার পাশাপাশি জীবনকেও বদলে দিয়েছে, সে কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এটা আমাদের উদ্ভাবনী চেষ্টা আর গতির মাধ্যমে টিকে থাকা শিখিয়েছে।”
সংকট কাটিয়ে শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে বিশ্ব সম্প্রদায়ের সামনে চারটি প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথম প্রস্তাবে তিনি বলেন, কোভিড-১৯ মহামারী শিক্ষা ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ডিজিটাল সরঞ্জাম ও সেবা, ইন্টারনেট সুবিধা, ডিজিটাল কনটেন্ট এবং শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগে অগ্রাধিকার দিতে একটি বৈশ্বিক পরিকল্পনা প্রয়োজন।
দ্বিতীয় প্রস্তাবে শেখ হাসিনা বলেন, প্রযুক্তি সহায়ক অর্থবহ শিক্ষার পরিবেশ সৃষ্টিতে অবশ্যই সরকারি-বেসরকারি অংশীদারিত্বকে জোরদার করতে হবে।
ছবি: পিআইডি
আর চতুর্থ প্রস্তাবে শেখ হাসিনা বলেন, জনগণের কল্যাণের জন্য প্রযুক্তি হস্তান্তরের পাশাপাশি বিজ্ঞান ও বৈজ্ঞানিক গবেষণার সুবিধাকে কাজে লাগাতে হবে।
বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য ইউনেস্কোর অব্যহত ভূমিকা প্রত্যাশা করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ পথচলায় ইউনেস্কো বিশ্বের কাছে আশা আর শান্তির প্রতীক হয়ে উঠেছে।
আর এ প্রসঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিয়ে যাওয়া বাংলাদেশের পররাষ্ট্র নীতির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সব সময় বিশ্ব শান্তির উদ্যোগে সামনের কাতারে থাকে।
“শান্তি প্রতিষ্ঠা ও সমৃদ্ধি অর্জনের জন্য আমরা শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগকে কার্যকর হাতিয়ার হিসেবে বেছে নিয়েছি। উপবৃত্তি, জেন্ডার-সংবেদনশীল পদ্ধতি, স্কুল ফিডিং প্রোগ্রাম, আইসিটি শিক্ষাসহ শিক্ষার সম্প্রসারণে আমরা প্রচুর বিনিয়োগ করছি।”
শেখ হাসিনা বলেন, তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শান্তির প্রবক্তা এবং মানবতায় বিশ্বাসী।
“মানুষের অদম্য কর্মস্পৃহা, অসম্ভবকে সম্ভব করার ও অনতিক্রম্য বাধা অতিক্রম করার ক্ষমতায় তার (বঙ্গবন্ধুর) গভীর আস্থা ইউনেস্কোর চেতনাকে অনুরণিত করে।”
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অন্যান্য সরকার ও রাষ্ট্র প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন। রাতে তিনি ইউনেস্কোর নৈশভোজেও অংশ নেবেন।
বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, শিক্ষামন্ত্রী দীপু মনি, পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেনও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
