২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের ‘প্যানারমিক’ জাদুঘর তৈরিতে সহযোগিতার আশ্বাস তুরস্কের

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ৩৬০ ডিগ্রির এক গোলোকে প্রদর্শনের জন্য ‘প্যানারমিক জাদুঘর’ তৈরির যে পরিকল্পনা সরকার নিয়েছে, তাতে কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছে তুরস্ক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2021, 08:27 PM

Updated : 07 Apr 2022, 11:50 PM

ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে সেখানে এ বিষয়ে আলোচনা হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ বৈঠকে দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক,  ইতিহাস-ঐতিহ্য এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়াও বৈঠকে উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধ নিয়ে একটি ‘প্যানারমিক জাদুঘর’ তৈরির উদ্যোগে তুরস্কের কারিগরি সহযোগিতা তিনি প্রত্যাশা করেন।

তুরস্কের দূত দুই দেশের মধ্যে সংস্কৃতি বিনিময়, বাণিজ্য বৃদ্ধিসহ  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্যানারমিক জাদুঘর তৈরির উদ্যোগেও সহযোগিতার আশ্বাস দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

সম্প্রতি তুরস্ক সফরে গিয়ে সেখানকার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদুলুকে দেওয়া এক সাক্ষাতকারেও প্যানারমিক জাদুঘর তৈরি নিয়ে কথা বলেছিলেন সচিব খাজা মিয়া।

তিনি বলেছিলেন, ওই জাদুঘরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী তুলে ধরা হবে। সেজন্য বিভিন্ন দেশ থেকে ধারণা নিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সে কারণেই তিনি তুরস্ক সফর করেছেন।

ওই সফরে ইস্তাম্বুলের প্যানোরামা ১৪৫৩ ইতিহাস জাদুঘর এবং মধ্য আফিয়ন প্রদেশের ভিক্টরি জাদুঘরসহ বেশ কয়েকটি জাদুঘর ঘুরে দেখেন খাজা মিয়া।

তুরস্কের প্রধান বাণিজ্য নগরী ইস্তাম্বুলের নাম এক সময় ছিল বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল। ১৪৫৩ সালে উসমানীয় সুলতান দ্বিতীয় মুহাম্মদ শহরটি জয় করেন।

তার সৈন্য দল যে জায়গা দিয়ে কনস্টান্টিনোপল নগর প্রাচীর ভেঙে শহরে প্রবেশ করেছিল, সেখানেই গড়ে তোলা হয়েছে প্যানোরামা ১৪৫৩ ইতিহাস জাদুঘর।

সুলতান দ্বিতীয় মুহাম্মদের ইস্তাম্বুল বিজয়ের সেই চিত্রই গোলকের আদলে গড়ে তোলা এই জাদুঘরের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে ৩৬০ ডিগ্রি প্যানারোমা ছবির মাধ্যমে। ফলে জাদুঘরের ভেতরে দাঁড়ানো দর্শকের মনে হবে, তিনি বোধহয় সেই যুদ্ধক্ষেত্রেই উপস্থিত।  

ওই জাদুঘর দেখে মুগ্ধ হওয়ার কথা জানিয়ে সচিব খাজা মিয়া আনাদুলুকে বলেছিলেন, বাংলাদেশে প্যানারমিক জাদুঘর নির্মাণের জন্য তুরস্ক থেকে স্থপতি, প্রকৌশলী ও নকশা পাওয়ার বিষয়ে তারা চেষ্টা করবেন। 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তারা পরিকল্পনা এগিয়ে নিলেও জাদুঘর নির্মাণের স্থান এখনও চূড়ান্ত হয়নি। তবে ঢাকার আশপাশে হওয়ার সম্ভাবনাই বেশি।  

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গা সঙ্কটের শুরুতে তুরস্ক সরকার এবং সে দেশের জনগণের সহযোগিতার কথা বৈঠকে ‘কৃতজ্ঞচিত্তে‘ স্মরণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ের প্রসঙ্গ ধরে মন্ত্রী বলেন, “বাংলাদেশ মুসলিম ঐক্য বিনষ্ট করছে এমন বহু প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল। এখন বাংলাদেশ সম্পর্কে প্রকৃত সত্য প্রকাশ্যে এসেছে এবং সব ভুল বোঝাবুঝি দূর হয়েছে। বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক এখন ভিন্ন মাত্রা পেয়েছে।”

রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান  বলেন, বাংলাদেশ-তুরস্কের সম্পর্ক ‘পরীক্ষিত’। বাংলাদেশ এবং তুরস্ক দুই দেশের মুসলিম জনগোষ্ঠীই সুন্নি এবং হানাফী মাযহাবের অনুসারী। দুই দেশের সংস্কৃতিতে অনেক সাদৃশ্য রয়েছে।

তুরস্কের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয় উপমহাদেশের বহু মানুষ, বিশেষ করে বাঙালিরা যে সোনাদানা বিক্রি করে সহযোগিতা করেছিল, সে কথা ‘কৃতজ্ঞচিত্তে’ স্মরণ করেন রাষ্ট্রদূত।

আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল আতাতুর্ককে নিয়ে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতার কথাও বলেন রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান । 

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের নিদর্শন হিসেবেই তুরস্কে বঙ্গবন্ধু এভিনিউ এবং পার্ক করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্কের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন এবং ২০১৬ সালে সামরিক অভ্যুত্থানের চেষ্টার সময় সে দেশের গণতান্ত্রিক সরকারের প্রতি বাংলাদেশ সরকারের সমর্থনের কথাও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।