জমি নিয়ে বিরোধ-চাঁদা দাবি: এসআইসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারধর, চাঁদা দাবি ও চুরির অভিযোগে সাভার থানার ভাকুর্তার পুলিশ বিট ইনচার্জসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
মঙ্গলবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ হাকিম শাহজাদী তাহমিদার আদালতে রাফিয়া আক্তার তুলি নামে এক নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ৬ ফেব্রুয়ারি প্রতিবেদন আদালতে জমার নির্দেশ দেন।
ভাকুর্তা পুলিশ বিটের ইনচার্জ উপ পরিদর্শক শাহ আলমসহ মামলার অপর আসামিরা হলেন- আওলাদ হোসেন খান, মো. আলাউদ্দিন, মনোয়ারা বেগম এবং তার দুই ছেলে আমান উল্লাহ ও জামাল হোসেন।
মামলার আরজিতে বলা হয়, “সাভারে তুলি ও তার স্বামী আফজাল হোসেন সরকার ক্রয় সূত্রে নালিশী সম্পত্তিসহ ১৭৭ শতাংশ সম্পত্তি কিনে মালিক ও দখলদার হন। অতঃপর ওই সম্পত্তি দেখভালে নূরনবী আলী ও ইউনুছ আলী হাওলাদার নামে দুই জনকে কেয়ারটেকার নিযুক্ত করেন। তারা তাদের বাড়ি দেখভাল এবং সেখানে বসবাস করে আসছিলেন।
“গত ২৬ সেপ্টেম্বর আসামি আওলাদ হোসেন খানসহ অন্যান্য আসামিরা তুলির বাড়িঘর ভাংচুর করেন। এতে বাধা দিলে তারা কেয়ারটেকার ইউনুছকে মারধর করেন।“
এ ঘটনায় ইউনুস রাতেই সাভার থানায় অভিযোগ দায়ের করেন। এর তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই শাহ আলমকে।
অভিযোগে বলা হয়, “গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে ভাকুর্তা বিট ইনচার্জ এসআই শাহ আলম ও দুই জন কনস্টেবলের উপস্থিতিতে আওলাদ ও আলাউদ্দিন কেয়ারটেকারের স্ত্রীকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
“এসময় শাহআলম ভিকটিমকে বলেন, বাড়ির মালিক রাফিয়া আক্তারকে ৫ লাখ টাকা নিয়ে ভাকুর্তা বিট অফিসে দেখা করতে।“
ঘটনাক্রম বর্ণনা করে বাদী অভিযোগ করেন, পরদিন সকালে বাদীর শুভাকাঙ্খী জাকির হোসেন ভাকুর্তা পুলিশ ফাঁড়িতে এ ব্যাপারে খোঁজখবর নিতে গেলে এসআই শাহ আলম তাকে হাতকড়া পরিয়ে আটকে রাখেন। এরপর ২০ হাজার টাকার বিনিময়ে বিকেল ৫টার দিকে তাকে ছেড়ে দেন।
“পরে দাবি করা চাঁদার পাঁচ লাখ টাকা না দেওয়ায় গত ৬ অক্টোবর এসআই শাহআলম কেয়ারটেকারকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন।“
এসব ঘটনায় বাদী রাফিয়া আক্তার তুলি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে এ বিষয়ে সাভার থানায় মামলা করতে যান। তবে থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে কালক্ষেপণ করেন।
এজন্য আদালতে মামলা দায়ের করেছেন বলে অভিযোগে উল্লেখ করেন ওই জায়গার মালিকদের একজন তুলি।
