২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোঁড়া সড়কে খুঁড়িয়ে চলছে ঢাকা

সপ্তাহের প্রথম দিন গুগলে ঢাকার মানচিত্র খুললে সড়কের রেখাগুলো লাল রঙে চিহ্নিত দেখা যায়, যার অর্থ সেখানে যানজট। এই অবস্থা এখন প্রতিদিনেরই। ঢাকার উত্তর থেকে দক্ষিণ, ব্যতিক্রম নয় কোনোটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2021, 01:29 AM

Updated : 10 Oct 2022, 06:21 PM

সড়কে গাড়ি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বলছেন, মেট্রোরেলের কাজ চলার মধ্যে কয়েকটি সড়কে একযোগে খোড়াখুঁড়ির ফলে অবস্থা আরও খারাপ হয়েছে।

সরেজমিনে দেখা যায়, মালিবাগ রেলগেইট থেকে মৌচাক পর্যন্ত সড়কে ডিপিসিডির ১৩২ কেভি ভূগর্ভস্থ কেবল স্থাপনের কাজের জন্য বিভিন্ন অংশের মাটি খুঁড়ে রাখা হয়েছে।

এজন্য সেখানে যানজট অনেকটা স্থায়ী হয়ে গেছে বলে সড়ক ব্যবহারকারীরা জানান।

মিরপুর রোডের আসাদ গেইট থেকে শ্যামলী পর্যন্ত রাস্তা খুঁড়ে পয়ঃনিষ্কাশনের পাইপ বসানো হচ্ছে। ফলে গত এক সপ্তাহ ধরে এই রাস্তাটিতেও যান চলাচল ব্যাহত হচ্ছে।

আগারগাঁও থেকে মিরপুর ১০ নম্বর যাওয়ার পথে রোকেয়া সরণির বিভিন্ন জায়গা কেটে ফেলা হয়েছে। ফলে এই সড়কে দিনরাত যানজট লেগে থাকছে।

তেজগাঁওয়ের সাতরাস্তা থেকে তাজউদ্দীন আহমদ সরণির লাভ রোড সিগন্যাল পর্যন্ত সড়কের একপাশে নিষ্কাশন নালা বসানো হচ্ছে। ফলে এখানে সড়ক সরু হয়ে গেছে। তেজগাঁও-সাতরাস্তা ফ্লাইওভার হয়ে আসা যানবাহন দ্রুতগতিতে এসে এখানে থেমে যায়।

তেজগাঁওয়ের এই যানজট মাঝে-মধ্যে চলে যাচ্ছে মগবাজার, রমনা পর্যন্তও।

লালবাগের চৌধুরীবাজার, শেখ সাহেব বাজার থেকে আজিমপুর পর্যন্ত পুরো রাস্তা খুঁড়ে রাখা হয়েছে নিষ্কাশন নালা বসানোর জন্য। দীর্ঘদিন ধরে সেই কাজ চলায় সেখানে যানজট।

Image
সুয়ারেজ লাইনের খোঁড়াখুঁড়ির কারণে সড়ক সরু হয়ে পড়ায় যানবাহনের দীর্ঘসারি তাজউদ্দীন আহমদ সরণিতে। ছবি: আসিফ মাহমুদ অভি

সুয়ারেজ লাইনের খোঁড়াখুঁড়ির কারণে সড়ক সরু হয়ে পড়ায় যানবাহনের দীর্ঘসারি তাজউদ্দীন আহমদ সরণিতে। ছবি: আসিফ মাহমুদ অভি

দুর্ভোগে মানুষ

সাভার পরিবহনের একটি বাসের যাত্রী আনোয়ারুল ইসলামের সঙ্গে বেলা সাড়ে ১১টার দিকে কথা হয় সদরঘাটের ভিক্টোরিয়া পার্ক এলাকায়।

যানজটে নাকাল এই যাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাবতলী থেকে বাসে উঠছিলাম সকাল সাড়ে ৮টায়। ভাবছিলাম সকালবেলা জ্যাম কম থাকব। সকাল ১০টায় চাঁদপুর যাওয়ার লঞ্চ ধরতে পারমু। পারি নাই। দেখি কয়টার লঞ্চ পাওয়া যায়।”

ফেইসবুকের ‘ট্রাফিক অ্যালার্ট’ গ্রুপগুলোতে কিছুক্ষণ পরপরই যানজটের দুর্ভোগ নিয়ে পোস্ট দিচ্ছেন নেটিজেনরা। বেশিরভাগ পোস্টেই মানুষের জানতে চাওয়া, ঘণ্টা ধরে এক জায়গায় থমকে আছেন, কিন্তু কারণ বুঝতে পারছেন না।

যানজটে আটকে থেকে ত্যক্ত-বিরক্ত বাসচালকরাও। বনশ্রী-মোহাম্মদপুর রুটের তরঙ্গ প্লাস পরিবহনের একটি বাসের চালক শাকিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাড়ির ভিড়ে এমনিতেই যানজট লেগে থাকে। এখন আবার বিভিন্ন জায়গায় রাস্তা কাটা।”

সদরঘাট থেকে চিড়িয়াখানাগামী তানজিল পরিবহনের চালক রুবেল বলেন, “একেকটা সিগনালগুলাতে দাঁড়ায়া থাকা লাগে আধাঘণ্টার উপরে। মাঝে মাঝে আরও বেশি। আর ভালা লাগে না।”

লালবাগের আমলীগোলার বাসিন্দা নূপুর সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরে এই সড়কটি (আজিমপুর) এই অবস্থা। কিছু কাজ করে ফেলে রেখেছে। ফলে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।”

Image
মেট্রোরেলের কারণে সড়ক সরু হয়ে যাওয়ায় বাংলামোটর এলাকায় যানজট লেগেই থাকে। ছবি: মাহমুদ জামান অভি

মেট্রোরেলের কারণে সড়ক সরু হয়ে যাওয়ায় বাংলামোটর এলাকায় যানজট লেগেই থাকে। ছবি: মাহমুদ জামান অভি

সমন্বয় চান ডিএমপি কমিশনার

মৌচাক এলাকায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মনির হোসেন ওই এলাকায় যানজটের জন্য মৌচাক-মালিবাগ, শান্তিনগর এলাকায় সমন্বয়হীন সড়ক খোড়াখুঁড়িকে দায়ী করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কখনও সিটি করপোরেশন, কখনও ডিপিডিসি, কখনও টেলিকমিউনিশন্সসহ অন্যান্য সংস্থার কাজের জন্য একেক প্রতিষ্ঠান একেক সময় মাটি খোঁড়ে। ফলে যানজট লেগেই থাকে।”

পুলিশ সদস্যরা বলছেন, সড়কে তারা দৃশ্যমান বলে যানজটে দুর্ভোগে পড়া মানুষ তাদেরই দোষ দেয়। অথচ সেবাদাতা প্রতিষ্ঠানগুলো রাস্তা কাটার আগে পুলিশকে বলারও প্রয়োজন মনে করে না।

রাস্তা কাটার আগে পুলিশের সঙ্গে সংস্থাগুলো কোনো যোগাযোগ করে কি না- জানতে চাইলে ঢাকা মহানগরের পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “না, আমাদের সঙ্গে এরকম যোগাযোগ হয় না। যখন কোথাও রাস্তা বন্ধ হয়ে যায়, তখন তাদের অনুরোধ করে কোনো রকমে রাস্তাটা চালু রাখার চেষ্টা করি।”

উন্নয়নমূলক কাজগুলোর নির্দিষ্ট সময়ে শেষ করার তাড়ায় খোঁড়াখুঁড়ি করতে হয়, এটা মানতে আপত্তি নেই ডিএমপি কমিশনারের।

“তাদেরও তো কাজটা করতে হবে। এখন যে সমস্যাটা হচ্ছে, মেট্রোরেলের নির্মাণ কাজের কারণে ঢাকার লাইফলাইন যেটা, সেই অংশটাতে যান চলাচল একেবারে সীমিত হয়ে পড়েছে। পাশাপাশি অন্যান্য যে সাইড রাস্তাগুলো, যেটা দিয়ে আমরা এতদিন চালু ছিলাম, সেগুলোতেও চলছে উন্নয়নমূলক কাজ, খোড়খুঁড়ি। যার কারণে মানুষ খুবই দুর্ভোগে পড়ছে। কিন্তু উন্নয়ন কাজ তো বন্ধ কেরে দেওয়ার এখতিয়ার আমার নেই।”

সেক্ষেত্রে উন্নয়ন কাজগুলো সমন্বয়েরর সুযোগ আছে কি না- প্রশ্ন করলে তিনি বলেন, “সমন্বয় তো পুলিশ করবে না। সেবা সংস্থাগুলো যদি নিজেদের মধ্যে সমন্বয় করে কাজটা একেবারে দ্রুত করে ফেলতে পারে, তাহলেও হয়।”

Image
ঢাকার তাজউদ্দীন আহমদ সরণির তেজগাঁও মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের সামনে ওয়াসার সুয়ারেজ লাইনের খোঁড়াখুঁড়ির কাজ চলায় ফুটপাতে রাখা হয়েছে সরঞ্জাম, ফলে পথচারীদের চলতে ভোগান্তি পোহাতে হচ্ছে। ছবি: আসিফ মাহমুদ অভি

ঢাকার তাজউদ্দীন আহমদ সরণির তেজগাঁও মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের সামনে ওয়াসার সুয়ারেজ লাইনের খোঁড়াখুঁড়ির কাজ চলায় ফুটপাতে রাখা হয়েছে সরঞ্জাম, ফলে পথচারীদের চলতে ভোগান্তি পোহাতে হচ্ছে। ছবি: আসিফ মাহমুদ অভি

মেয়রের দুঃখ প্রকাশ

সড়কে খোঁড়াখুড়ির কারণে সৃষ্ট ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উন্নয়ন কাজের জন্য বেশ কিছু সড়ক কাটতে হয়েছে। এরমধ্যে তেজগাঁওয়ের প্রধান সড়কও আছে। কিন্তু ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ওই সড়ক না খুঁড়ে উপায় ছিল না। এখন কাজ প্রায় শেষের দিকে।”

“আশা করি, এক সপ্তাহের মধ্যেই এসব রাস্তা পুরো সচল করা যাবে। তখন ট্রাফিক জ্যাম কমে যাবে,” বলেন মেয়র।

[এই প্রতিবেদন যৌথভাবে তৈরি করেছেন ওবায়দুর মাসুম, গোলাম মরতুজা অন্তু, তাবারুল হক, ফয়সাল আতিক

ও মেহেরুন নাহার মেঘলা]