২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অসমাপ্ত আত্মজীবনী অমূল্য ঐতিহাসিক দলিল’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা 'অসমাপ্ত আত্মজীবনী' একটি অমূল্য ঐতিহাসিক দলিল এবং এর সাহিত্য মূল্য অপরিসীম বলে উল্লেখ করেছেন দক্ষিণ এশিয়া অনলাইন সাহিত্য সম্মেলনে অংশ নেওয়া আলোচকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2021, 10:06 PM

Updated : 02 Aug 2022, 06:26 PM

বুধবার চার দিনের এ সাহিত্য সম্মেলনের উদ্বোধনী দিনের দ্বিতীয় পর্বে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী': ইতিহাস ফিরে দেখা' শীর্ষক প্যানেল আলোচনায় তারা একথা বলেন।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের সাহিত্য একাডেমি ও ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার আয়োজিত এ সাহিত্য সম্মেলন চলবে ৯ অক্টোবর পর্যন্ত।

আলোচনা পর্বে অংশ নেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও গবেষক মফিদুল হক, গবেষক ও অনুবাদক ফকরুল আলম এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী।

ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত আলোচনায় বক্তারা বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' নিয়ে তাদের বিশ্লেষণে বলেন, দেশ বিভাগপূর্ব ও পরবর্তী সময়ের সমাজ ও রাজনীতির গতিপ্রকৃতি জানার জন্য গ্রন্থটি নিঃসন্দেহে একটি মৌলিক ও নির্ভরযোগ্য উৎস।

'বঙ্গবন্ধু সহজাত লেখকও ছিলেন'  

কোরিয়ান ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’  

“এছাড়া অনেক ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপট এবং বস্তুনিষ্ঠভাবে ইতিহাস বিশ্লেষণে পাঠক ও গবেষকদের জন্য এটি মূল্যবান গ্রন্থ।“

এ গ্রন্থ শুধু বাংলাদেশের জন্যই প্রসঙ্গিক নয়, এটি সমগ্র দক্ষিণ এশিয়ায় সমান গুরুত্ব বহন করে বলে বক্তারা উল্লেখ করেন।

তারা বলেন, এ অঞ্চলের নতুন প্রজন্মের কাছে ইতিহাসকে শুদ্ধভাবে জানার জন্য এটি একটি অবশ্য পাঠ্যগ্রন্থ। পাকিস্তানি রাজনীতিকদের বিমাতা সুলভ আচরণ ও সার্বিক চিত্র ধরা পড়ছে এ বইয়ে।

আলোচকরা বইটির বিষয়বস্তু, রচনাকাল, রচনার নেপথ্য ঘটনা প্রবাহ নিয়েও আলোকপাত করেন।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন সাহিত্য আকাদেমির সভাপতি চন্দ্রশেখর কাম্বার। সভাপতিত্ব করেন সার্ক লেখক ও সাহিত্য ফাউন্ডেশনের সভাপতি অজিত কউর।

অনলাইন সাহিত্য সম্মেলনে বাংলাদেশসহ সার্কভূক্ত দেশের বুদ্ধিজীবীরা নির্ধারিত অন্যান্য সেশনে অংশ নেবেন।