২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার পরিকল্পনা ধরেই এগোচ্ছিলেন: মোস্তফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, স্বাধীনতা লাভের পর ‘সোনার বাংলা’ গড়ার পরিকল্পনা সাজিয়েই এগোচ্ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু ষড়যন্ত্রকারীরা তা হতে দেয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2021, 01:30 AM

Updated : 02 Aug 2022, 06:15 PM

জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ (বিপিপি), টেলিটক বাংলাদেশ লিমিটেড শাখার উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনায় তিনি একথা বলেন।

মোস্তফা জাব্বার বলেন, “বাংলা ভাষা, বাঙালি এবং বাংলা সংস্কৃতি হচ্ছে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার মূল ভিত্তি। এই বিষয়ে বঙ্গবন্ধু তার নিজের নীতি, আদর্শ ও দর্শন থেকে কখনও বিচ্যুত হননি।

“বঙ্গবন্ধু কেবল বাংলাদেশ প্রতিষ্ঠাই করেননি, তিনি সোনার বাংলা প্রতিষ্ঠায় একটি পরিপূর্ণ পরিকল্পনার সূচনা করেছিলেন।”

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “১৫ অগাস্ট দেশি-বিদেশি শোষক, ধনিক গোষ্ঠী, সাম্রাজ্যবাদী শক্তি ও স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তির ষড়যন্ত্রেরই ফসল।”

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর বলেন, “বঙ্গবন্ধু স্বাধীনতা উত্তরকালে মাত্র সাড়ে তিন বছরে যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের জন্য প্রকৌশলীদের সাথে নিয়ে কাজ করেছেন।”

তিনি বলেন, “বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দৃঢ নেতৃত্বের মাধ্যমে বঙ্গবন্ধুর উন্নয়নের ধারাবাহিকতায় দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে ২০৪১ সালে নয়, ২০২০ এর মধ্যেই আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশের সকল সুযোগে সুবিধা ভোগ করতাম।”

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ (বিপিপি), টেলিটক বাংলাদেশ লিমিটেড শাখার সভাপতি রনক আহসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, টেলিটক বাংলাদেশ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন এবং আইইবির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন।