এইডিস মশার লার্ভা থাকায় নির্মাণাধীন সরকারি ভবনকেও জরিমানা
এইডিস মশার লার্ভা পেয়ে ওয়াসা ও গণপূর্ত মালিকানাধীন তিন ভবনসহ ১৭ ভবনকে সাড়ে তিন লক্ষাধিক টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
সোমবার ঢাকার বিভিন্ন স্থানে সিটি করপোরেশনের নির্বাহী হাকিমদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত ১৯৯টি ভবন ও নির্মাণাধীন স্থাপনা পরিদর্শন করে এবং ১৭টি ভবনে মশার লার্ভা পাওয়ায় সর্বমোট ১৭ মামলায় ৩ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করে।
এলিফ্যান্ট রোড, সেন্ট্রাল রোড, মতিঝিল, হাজারীবাগ, কদমতলী, দনিয়া ও দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয় বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান।
তিনি জানান, ১০ নং ওয়ার্ডের মতিঝিল এজিবি কলোনি সংলগ্ন এলাকার ৫০টি ভবন পরিদর্শনের সময় রাজারবাগ পুলিশ লাইনস্থ টেলিকম ভবনের বিপরীত পাশে ওয়াসা ও গণপূর্তের নির্মাণাধীন ৩টি ভবনে মশার লার্ভা পাওয়ায় ভবনগুলোর নির্মাণ কার্যক্রমে সংশ্লিষ্টদের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
