জলাবদ্ধতার জন্য মেট্রোরেলের কাজকে দায়ী করলেন মেয়র তাপসও
ঢাকায় সাম্প্রতিক জলাবদ্ধতার জন্য মেট্রোরেলসহ বিভিন্ন নির্মাণ কাজের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও চলতি বর্ষায় জলাবদ্ধতার জন্য মেট্রোরেলের নির্মাণ কাজকে দায়ী করে আসছেন।
বুধবার নগরীর টিকাটুলী খেলার মাঠের উদ্বোধন শেষে মেয়র তাপস সাংবাদিকদের বলেন, “চলমান মেট্রোরেল প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের কাজ করা এবং সমন্বয়হীনতা ও সামগ্রিকভাবে চিন্তা না করার কারণেই ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গুচ্ছাকারে জলাবদ্ধতা সমস্যা সৃষ্টি হচ্ছে।
“প্রতিবন্ধকতা হল, মেট্রোরেলের প্রকল্প চলছে এবং সে প্রকল্পের কারণে পানি নিষ্কাশন সঠিকভাবে হচ্ছে না।”
মঙ্গলবার মেয়র আতিক বলেছিলেন, মেট্রোরেল কর্তৃপক্ষ যেসব শর্তে সরকারের কাছ থেকে প্রকল্পের দায়িত্ব নিয়েছে তারা সেসব শর্ত যথাযথভাবে পালন করেনি। ফলে জলাবদ্ধতাসহ নানা ভোগান্তিতে পড়ছে রাজধানীবাসী।
মেট্রোরেল কর্তৃপক্ষের অবহেলার কারণে রাস্তা ও ড্রেনে জমে থাকা বিভিন্ন নির্মাণ সামগ্রীর উচ্ছিষ্টের ২৩৭টি বস্তা ডিএনসিসি অপসারণ করেছে বলেও জানান তিনি।
মেয়র তাপস বলেন, “আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলছি, দেন-দরবার করছি। আসলে ঢাকা শহরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, সামগ্রিকতা চিন্তা না করে প্রকল্প নির্ভর কাজ করার কারণে সমস্যাগুলো রয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি, যাতে সমন্বয় করে কাজ করা যায় এবং দীর্ঘ মেয়াদে সমস্যার সমাধান করা যায়।"
জলাবদ্ধতা নিরসনের কার্যক্রমের সুফল আগামী বছর থেকে পাওয়া শুরু হবে বলে আশ্বাস দেন তিনি।
মতিঝিল এলাকার জলাবদ্ধতার প্রসঙ্গে মেয়র তাপস বলেন, এই এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য যে প্রকল্প নেওয়া হয়েছিল, সেই কাজটি ঠিকাদার সময়মতো শেষ করতে পারেনি।
“আমি দায়িত্ব পাওয়ার পরই ওই ঠিকাদারকে বাদ দিয়েছি এবং নতুন করে দরপত্র আহ্বান করে কাজ শেষ করা হয়েছে। এছাড়া ফকিরাপুলের টয়েনবি সার্কুলার রোডে জলাবদ্ধতা নিরসনেও কাজ চলছে। এগুলো শেষ হলে জলাবদ্ধতার প্রকোপ থাকবে না।”
এর আগে দক্ষিণ সিটির মেয়র নগরীর ১৩ নং ওয়ার্ডের মুক্তাঙ্গনে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র উদ্বোধন এবং ফকিরাপুল মোড় হতে মতিঝিল পেট্রোল পাম্প এলাকা পর্যন্ত জলাবদ্ধতা নিরসনে উন্নয়ন কাজ ও নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রম পরিদর্শন করেন।
পরে তিনি রায়েরবাগ থেকে শনির আখড়া পর্যন্ত কয়েকটি জলজটপ্রবণ এলাকা পরিদর্শন এবং আজিমপুর শিশুপার্ক উদ্বোধন করেন।
