ভাই হত্যার মামলায় শিশুর ‘স্বীকারোক্তি’: তদন্ত কর্মকর্তাকে হাই কোর্টে তলব
বগুড়ায় ছোট ভাইকে হত্যার ঘটনায় ১২ বছর বয়সী বড় ভাইয়ের কাছ থেকে ‘জোর করে’ স্বীকারোক্তি আদায়ের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা জানতে সারিয়াকান্দি থানায় সাবেক উপ-পরিদর্শক নয়ন কুমারকে তলব করেছে হাই কোর্ট।
নয়ন কুমার বর্তমানে নাটোরে সিআইডির পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। বগুড়ার ওই মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন তিনি।
আগামী ৩ আগস্ট সকাল সাড়ে ১০টায় লিখিত ব্যাখ্যা নিয়ে তাকে আদালতে হাজির হতে বলেছে হাই কোর্ট।
এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
সেই সাথে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধ্যমে তদন্তাধীন মামলাটির নথিপত্র (কেইস ডকেট) নিয়ে বর্তমান তদন্ত কর্মকর্তা বগুড়া পিবিআইয়ের এসআই মো. মনসুর আলীকে ৩ অগাস্ট আদালতে হাজির থাকতে বলা হয়েছে।
গত ১১ জুন ইংরেজি দৈনিক ডেইলি স্টারে ‘বিয়ারিং দ্য আনবিয়ারেবল’ শিরোনামে এক প্রতিবেদনে ১২ বছরের শিশুর ‘স্বীকারোক্তি আদায়ের’ ওই ঘটনা সামনে আনা হয়।
প্রতিবেদনটি যুক্ত করে বগুড়ার আদালতে থাকা ওই হত্যা মামলার ‘যথার্থতা’ এবং আইনি পর্যালোচনায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী গত ২০ জুন এই রিট আবেদন করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মো. বশির উল্লাহ।
বগুড়ার আদালতের একটি আদেশ তুলে ধরে শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, “নিন্ম আদালতে রাষ্ট্রপক্ষ বলেছে, মামলাটির তদন্ত কর্মকর্তা যথাযথভাবে তদন্ত না করে প্রকৃত অপরাধী বাদ দিয়ে শিশুর (স্বীকারোক্তি নেওয়া ১২ বছর শিশু) বিরুদ্ধে মনগড়া অভিযোগপত্র দাখিল করেছে।
“এজাহারে খুনের শিকার আট বছর বয়সী শিশুর গলাকাটা লাশের কথা বলা আছে। সুরতহালেও গলাকাটা চিহ্নের কথা উল্লেখ আছে। কিন্তু তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে বলেন যে, খুন হওয়া শিশুটির গলায় ধারালো কঞ্চি ঢুকানো ছিল।”
এজাহার ও সুরতহাল রিপোর্টের সঙ্গে অভিযোগপত্রের গরমিলের তথ্য তুলে ধরে এই আইনজীবী বলেন, “প্রকৃত ঘটনা আড়াল করে দোষীপত্র দাখিল করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর ১২ বছর বয়সী শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি আদালতে উপস্থিত হয়ে প্রচণ্ড মারপিটের কথা বলে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখায়। মামলাটির প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয় আদালত।
আইনজীবী শিশির মনির বলেন, “পত্রিকার প্রতিবেদনে এসেছে যে শিশুটির বাবা বলেছ, পুলিশ বাসায় এসে ১২ বছর বয়সী ছেলেকে নিয়ে গেল। থানায় গেলেও তদন্ত কর্মকর্তা নয়ন কুমার ছেলের সঙ্গে তাকে দেখা করতে দেয়নি। শিশুটির বাবা বলেছে মামলার কারণে বাড়ি–ঘর ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে। নিরাপত্তহীনতায় ভুগছেন।”
ডেইলি স্টারের ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের ২৫ অগাস্ট ৮ বছরের ছেলের মরদেহ উদ্ধারের একদিন পর সারিয়াকান্দি থানায় মামলা করেন তার বাবা মহিদুল। ওই বছরের ২৯ নভেম্বর স্থানীয় থানার পুলিশ তার বাড়িতে যায়। জিজ্ঞাসাবাদের কথা বলে ১২ বছর বয়সী বড় ছেলেকে নিয়ে যায় তারা।
পরদিন ৩০ নভেম্বর ১২ বছর বয়সী শিশুটিকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় শিশুটি। তাতে বলা হয়, বাবা–মা ছোট ভাইকে তার চেয়ে বেশি ভালোবাসে বলে তাকে সে ‘খুন’ করেছে।
অপ্রাপ্তবয়স্ক হওয়ার আদালত তার জামিন মঞ্জুর করে পরিবারের সঙ্গে থাকার অনুমতি দেন।
