নওগাঁয় রেস্তোরাঁর ভেতর নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২
উত্তরের জেলা নওগাঁয় একটি রেস্তোরাঁর ভেতর নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যার অভিযোগে সাভার ও নওগাঁ থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
এরা হলেন- ওই হত্যা মামলার ‘প্রধান আসামি’ আতিকুর রহমান খান শীতল (২৭) এবং নওগাঁ শহরের মুক্তির মোড়ের ইডেন অ্যান্ড চায়নিজ রেস্টুরেন্টের সহকারী বাবুর্চি মো. বাদল (৩৫)।
সোমবার রাতে বাদলকে সাভারের আমিনবাজার থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নওগাঁ থেকে গ্রেপ্তার করা হয় শীতলকে।
গত ২৮ মে রাতে নওগাঁ শহরের ওই রেস্তোরাঁয় নৈশপ্রহরী আতাউর রহমানকে পিটিয়ে হত্যা করা হয়। পরে এ ঘটনায় তদন্ত শুরু করে সিআইডি পুলিশ।
মঙ্গলবার সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রংপুর ও খুলনা বিভাগের উপমহাপরিদর্শক শেখ নাজমুল আলম বলেন, “জিজ্ঞাসাবাদে বাদল বলেছেন, আতাউরকে মারধরের সময় ৪-৫ জন ছিল। তবে শীতল ছাড়া সে কারো নাম জানে না।
পরদিন সকালে প্রধান বাবুর্চি সাইফুল ইসলাম এসে দেখেন তালা ঝুলছে। অনেক ডাকাডাকির পরও কেউ দরজা খোলেনি। এক পর্যায়ে দরজার বাইরে চাবি পড়ে থাকতে দেখেন সাইফুল।
তালা খুলে ঘরে ঢুকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় আতাউরের মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হয়। ঘটনার পর বাদল আত্মগোপনে চলে যান বলে পুলিশের ভাষ্য।
এ ঘটনায় আতাউর রহমানের বড় ছেলে মো. রতন হোসেন বাদী হয়ে নওগাঁ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
হত্যার কারণ জানতে চাইলে সিআইডির কর্মকর্তা নাজমুল আলম বলেন বলেন, “পেছনে বিশেষ কোনো মোটিফ আছে কিনা সেটা তদন্ত করে জানাতে পারব। হত্যায় জড়িত বাকিদেরও আইনের আওতায় আনা হবে।”
গ্রেপ্তার আসামিদের নওগাঁ জেলা আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে পেলে জিজ্ঞাসাবাদ করে এ ঘটনার ‘পেছনের কারণ’ বিস্তারিত জানা যাবে বলে আশা করছেন এই পুলিশ কর্মকর্তা।
