পিরোজপুরের সাবেক এমপি আউয়াল ও স্ত্রীর সম্পত্তি জব্দের আদেশ বহাল
দুর্নীতি দমন কমিশনের মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের ‘জ্ঞাত আয়বর্হিভূত’ স্থাবর, অস্থাবর সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাব জব্দের আদেশ বহাল রেখেছে হাই কোর্ট।
আউয়াল ও তার স্ত্রীর এ সংক্রান্ত দুটি আবেদন মঙ্গলবার সরাসরি খারিজ করে দিয়েছে বিচারপতি বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ।
‘যথাযথ আইনি প্রক্রিয়ায়’ আবেদন না করায় আবেদন দুটি খারিজ করা হয়েছে জানিয়ে আইনজীবীরা বলছেন, সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব জব্দ করতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের আদেশটি বহাল থাকছে।
হাই কোর্টে আউয়াল দম্পতির পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ আওসাফুর রহমান। দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান।
আদেশের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী ক্রোক বা জব্দের আদেশের দিন থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে বলা হয়েছে। উনারা (আওয়াল ও তার স্ত্রী) আবেদন করেছেন ৭৭ দিন পরে। যে কারণে তাদের আবেদনটি সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে।”
অন্যদিকে আইনজীবী শেখ আওসাফুর রহমান বলেন, “আমার মক্কেল আদেশের অনুলিপি পেয়েছেন তিন মাস পর। তাতে আবেদন করতে দেরি হয়েছে। কোর্ট বলেছে, ফৌজদারি কার্যবিধির ৫৬১ (ক) ধারা অনুযায়ী আবেদন নিয়ে আসতে। আগামী সপ্তাহেই আমরা ফের আবেদন করব।”
গত বছর ৩০ সেপ্টেম্বর প্রায় ৪৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক মো. আলী আকবর।
দুই মামলায় আউয়ালের বিরুদ্ধে ৩৩ কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৭৫৫ টাকার এবং লায়লা পারভীনের বিরুদ্ধে ১০ কোটি ৯৮ লাখ ৯০ হাজার ৫০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
প্রথম মামলার অভিযোগে বলা হয়, আউয়াল অবৈধ উপায়ে ৩৩ কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৭৫৫ টাকার সম্পদের মালিক হয়েছেন। এছাড়া তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মোট ১৫ কোটি ৭২ লাখ ৪৮ হাজার ৪৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন।
দ্বিতীয় মামলার অভিযোগে আউয়ালের স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে অবৈধ উপায়ে ১০ কোটি ৯৮ লাখ ৯০ হাজার ৫০ টাকার অবৈধ সম্পদের মালিকানার তথ্য রয়েছে।
অবৈধ সম্পদ অর্জন ও দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ায় দুই মামলায় দুদক আইনের ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়।
পরে তদন্ত কর্মকর্তা আলী আকবর দুজনের সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব জব্দের আবেদন করেন।
সেই আবেদনের শুনানি নিয়ে গত ১৭ জানুয়ারি ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ তা মঞ্জুর করেন।
