ক্যাপিটলে দাঙ্গা: স্বাধীন তদন্ত কমিশন গঠনে প্রতিনিধি পরিষদের সায়
যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থকদের দাঙ্গার ঘটনা তদন্তে স্বাধীন কমিশন গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে প্রতিনিধি পরিষদ।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ২৫২-১৭৫ ভোটে এই স্বাধীন কমিশন গঠনের প্রস্তাবটি পাস হয় বলে বুধবার রয়টার্স জানিয়েছে।
বিলটি এখন সিনেটে পাঠানো হবে। সেখানে এর ভবিষ্যৎ কি হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর ওই ঘটনার তদন্তে যে ধরনের কমিশন গঠন করা হয়েছিল, ক্যাপিটলের দাঙ্গা তদন্তের কমিশনও একই ধরনের হবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
রিপাবলিকান নেতারা এই পদক্ষেপ আটকে দেওয়ার চেষ্টা করলেও দলটির প্রতিনিধি পরিষদ সদস্যদের প্রতি ছয়জনের একজন তা অমান্য করে বিলের সমর্থনে ভোট দেন।
ডনাল্ড ট্রাম্প এ ধরনের কমিশন গঠনের বিরোধিতা করেছেন। দুদিন ধরে রিপাবলিকান দলের সিনেটের নেতা মিচ ম্যাকোনেল ও প্রতিনিধি পরিষদের নেতা কেভিন ম্যাকার্থি এই কমিশন গঠনে উভয় দলের সমর্থনে বিলটি পাসের পদক্ষেপ ভেস্তে দেওয়ার চেষ্টা করেছেন। তবে প্রতিনিধি পরিষদের ভোটাভুটিতে দেখা গেছে দলকে ঐক্যবদ্ধ রাখতে পুরোপুরি সফল হননি তারা।
প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দলের ২১১ জন সদস্যের মধ্যে ৩৫ জন একটি নিরপেক্ষ তদন্তের পক্ষে ভোট দেন।
প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতাগ্রহণ আটকে দিতে গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবন ও এর আশপাশের এলাকায় হামলা চালায় তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের কট্টর সমর্থকরা। ওই দাঙ্গায় ক্যাপিটলের পুলিশ বাহিনীর এক কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়।
ওই সহিংসতায় ট্রাম্প উসকানি দিয়েছেন বলে ডেমোক্র্যাটরা এবং বেশ কয়েকজন রিপাবলিকান নেতা অভিযোগ করেন। ফলে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার অভিশংসনের মুখোমুখি হন ট্রাম্প।
তাকে অভিশংসন করতে জানুয়ারিতে যে ১০ রিপাবলিকান সদস্য ভোট দিয়েছিলেন তারা সবাই এই স্বাধীন কমিশন গঠনের পক্ষে রায় দিয়েছেন। এর ফলে সিনেটে এই বিলটি আটকাতে নতুন করে ভাবতে হবে রিপাবলিকানদের।
স্বাধীন কমিশন গঠনের বিল পাসের পর প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠের নেতা ডেমোক্র্যাট দলের স্টেনি হয়ার বলেন, ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ট মিত্র ম্যাকার্থি যা চেয়েছেন, সেটাই পেয়েছেন- কমিশনের একটি সমঝোতাপূর্ণ কাঠামো।
কমিশনকে ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করে অভিযোগ উত্থাপন করতে হবে বলে জানান তিনি।
এর আগে সিনেটে সংখ্যালঘু দলের নেতা মিচ ম্যাকোনেল প্রতিনিধি পরিষদের এই বিলকে সমর্থন করেন না বলে ঘোষণা দেন।
তিনি বলেন, প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা পক্ষপাতদুষ্ট এবং এটা একটি অসামঞ্জস্যপূর্ণ প্রস্তাব। কংগ্রেসের বিদ্যমান তদন্তই ওই ঘটনার জন্য যথেষ্ট।
অবশ্য সিনেটে এখনও এই স্বাধীন কমিশন গঠনের প্রস্তাব আটকে দেওয়ার ক্ষমতা রাখে রিপাবলিকানরা। ভারসাম্যপূর্ণ সিনেটে বিলটি পাস করাতে কমপক্ষে ৬০ ভোট দরকার।
গত সপ্তাহে প্রতিনিধি পরিষদে তোলা এই বিলে কমিশন গঠন এবং সাক্ষ্যগ্রহণের বিষয়ে ক্ষমতাসীন ডেমোক্রেট সদস্যদের মতোই সমান ক্ষমতা রাখা হয়েছে বিরোধী রিপাবলিকান দলের সদস্যদের জন্য।
সিনেটে সংখ্যাগরিষ্ঠের নেতা ডেমোক্রেট দলের চাক শুমার বলেন এই বিলের ওপর সিনেটে আলোচনার জন্য তিনি একটি সূচি নির্ধারণ করবেন।
নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট নিয়ে ডনাল্ড ট্রাম্পের ‘মিথ্যা প্রচারণার’ পক্ষ নেওয়ার জন্য রিপাবলিকান আইনপ্রণেতাদের সমালোচনা করেন তিনি।
এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ার জন্য মঙ্গলবার রিপাবলিকান দলের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছিলেন ডনাল্ড ট্রাম্প। যারা ট্রাম্পের আহ্বানে সাড়া না দিয়ে বিলের পক্ষে ভোট দিয়েছেন ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে তারা সাবেক প্রেসিডেন্টের রোষানলে পুড়তে পারেন বলে উল্লেখ করেছে রয়টার্স।
প্রতিনিধি পরিষদের স্পিকার ডেমোক্রেট দলের ন্যান্সি পেলোসি বলেছেন, সিনেটে রিপাবলিকানরা এই বিল আটকে দিলে তার ওপর ন্যস্ত ক্ষমতাবলে তিনি নিয়মিত একটি শুনানির আয়োজন করার কথা ভেবে রেখেছেন।
“তবে এই পথে যাওয়ার ইচ্ছা আমাদের নেই।”
