২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমার ভয় দেখাতে গিয়ে ধরা, ব্যাগে মিলল টেনিস বল-শসা

বোমার ভয় দেখিয়ে মালিকের কাছ থেকে টাকা আদায় করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তার গাড়িচালক। তবে তার কাছে থাকা ব্যাগের মধ্যে হাতবোমার মতো করে টেপ মোড়ানো টেনিস বল ও শসা পাওয়া গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2021, 01:57 AM

Updated : 10 Oct 2022, 05:58 PM

বুধবার রাত ১১টার দিকে রাজধানীর লালমাটিয়ার লাকী অ্যাপাটমেন্টের নীচতলা থেকে বিচারকের গাড়িচালক কাজী ইব্রাহিমকে (৩৫) গ্রেপ্তার করা হয় বলে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ জানান।

পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (অতিরিক্ত উপকমিশনার হিসাবে সদ্য পদোন্নতিপ্রাপ্ত) রওশনুল হক সৈকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোশতাক আহমেদ নামের এক অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ তার গাড়িচালক ইব্রাহিমের বিরুদ্ধে গত মঙ্গলবার গাড়ির কাগজ চুরি অভিযোগে একটি মামলা করেন। মামলার পর থেকে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল্।

“ইব্রাহিমও দাবি করে আসছিল তার ১০ মাসের বেতন বাকি রয়েছে। বেতনের টাকা দেওয়ার কথা বলে তাকে বুধবার রাতে লালমাটিয়ায় আসতে বলা হয়। এসময় তার কাছে একটি ব্যাগ ছিল।

“লালমাটিয়ার ওই ভবনের নীচতলায় আসার সাথে সাথে আগে থেকে অবস্থান নিয়ে থাকা পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করলে সে তার কাছে থাকা ব্যাগে বোমা আছে বলে জানায়। পরে বোমা নিষ্ক্রিয় দল এসে লাল টেপ দিয়ে মোড়ানো ছয়টি ককটেল সদৃশ বস্তু খুলে টেনিস বল এবং টাইমবোমা সদৃশ বস্তু খুলে দুইটি শশা পায়।”

Image
টেনিস বল ও শসা টেপে মুড়িয়ে বোমা বলে বিচারককে ভয় দেখাতে গিয়েছিলেন গাড়িচালক ইব্রাহিম

টেনিস বল ও শসা টেপে মুড়িয়ে বোমা বলে বিচারককে ভয় দেখাতে গিয়েছিলেন গাড়িচালক ইব্রাহিম

পুলিশের এই কর্মকর্তা বলেন, টাকা না দিলে মালিককে ‘বোমার’ ভয় দেখিয়ে টাকা আদার করা তার উদ্দেশ্য ছিল বলে জানিয়েছেন ইব্রাহিম।

অবসরপ্রাপ্ত বিচারক মোশতাক আহমেদের দাবি, ইব্রাহিম কখনই ১০ মাস চাকরি করেননি। তাকে প্রায় সাত মাস আগে ব্যক্তিগত গাড়িচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তার কোনো বেতন বকেয়া নেই। কিন্তু করোনার কারণে তেমন বের না হওয়ায় তাকে গরুর খামার দেখভাল করার জন্য দায়িত্ব দেওয়া হয়।

তিনি বলেন, “আমার এই গরুর খামারের কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার নামে বিভিন্নভাবে সে টাকা আত্মসাৎ করে আসছিল। এই অভিযোগ পাওয়ার পর তাকে সেখান থেকে সারিয়ে দেওয়া হয়। পরে সে বুঝতে পেরে আমার গাড়ির মূল কাগজ চুরি করে এবং ১০ মাসের বেতন না দিলে কাগজ ফেরত দেবে না বলে হুমকি দেয়।

“এই চুরির অভিযোগে মামলা দায়ের করার পর তাকে যখন পুলিশ খুঁজে পাচ্ছিলনা তখন আরেকজনের মাধ্যমে বেতন দেওয়ার কথা বলে তাকে বাসায় আসতে বলি। এরপরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।”

বোমাসদৃশ বস্তুগুলো দেখে সবাই আতংকিত হয়ে পড়েছিল বলে জানান মোশতাক আহমেদ।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ওসি।