২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার মানিকদীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

ঢাকার ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকা থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের সন্দেহ। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2021, 07:14 PM

Updated : 02 Aug 2022, 05:43 PM

মঙ্গলবার রাত ১২টার দিকে পশ্চিম মানিকদীর নামাপাড়ায় বাসার সামনে একটি মাইক্রোবাস থেকে শাকিলা পারভীন সুমি নামের ওই নারীর মৃতদেহ উদ্ধার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী সাহান হক জানান, সুমির স্বামী সৌরভকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে সৌরভ দাবি করেছেন, দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেছেন তার স্ত্রী।

“সৌরভ পুলিশকে বলেছে, গতকাল ইফতারের পর তাদের মধ্যে কথা কাটাকাটির জেরে সুমি আত্মহত্যার জন্য গলায় ফাঁস নেয়। পরে রুমের দরজা ভেঙে উদ্ধার করে মিরপুরের কিংসটন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

পরে সৌরভ হাসপাতাল থেকে একটি মাইক্রোবাসে করে তার স্ত্রীর লাশ নিয়ে বাসায় ফেরেন। এদিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয় এবং মাইক্রোবাস থেকে সুমির মরদেহ উদ্ধার করে বলে জানান ওসি।   

সুমির পরিবার এ ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ বলছে জানিয়ে পুলিশ কর্মকর্তা সাহান হক বলেন, “সৌরভের বাড়িতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য পাওয়া গেছে।” 

সুমির মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।