স্বাস্থ্যবিধি মেনে জরুরি দলিল নিবন্ধনের নির্দেশ
করোনাভাইরাসের বিস্তার রোধে জারি করা লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে জরুরি দলিলের নিবন্ধন করতে সাব-রেজিস্ট্রারদের নির্দেশ দিয়েছে সরকার।
নিবন্ধন অধিদপ্তর থেকে সব জেলা রেজিস্ট্রার এবং সাব-রেজিস্ট্রারকে এই নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
সেই সঙ্গে নিবন্ধনের সময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সাব-রেজিস্ট্রারদের স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কোভিড-১৯ বিস্তার রোধে ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধের পাশাপাশি শপিং মল, দোকান-পাট, হোটেল-রেস্তারাঁসহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ১১ দফা নিষেধাজ্ঞায় সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যাংক জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে খোলা রাখার সুযোগ দেওয়া হয়।
